‘৯০ ভাগ প্রযোজক জানেন না কপিরাইট আইন কী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২২–২২ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট দিতে আসেন প্রযোজকেরা
ছবি: সংগৃহীত

‘৯০ ভাগ প্রযোজক জানেন না কপিরাইট আইন কী’, এমন কথা বললেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর (টেলিপ্যাব) সাধারণ সম্পাদক সাজু মুনতাসির। কপিরাইট নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁদের সহকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে। প্রযোজকদের সচেতন করতে শিগগির তাঁরা কর্মশালাসহ নানা উদ্যোগ নেবেন। বিশ্ব কপিরাইট দিবসে এমন কথাই জানা গেল।

একটি নাটক বানানোর পরে কিছু টাকা লাভেই প্রযোজক টেলিভিশন কর্তৃপক্ষের কাছে স্বত্ব বিক্রি করে দেন। সেখানে থেকে দীর্ঘদিন ধরে একটি বাড়তি আয় আসতে পারে, সেটা কখনোই প্রযোজকেরা ভাবেননি। এই জায়গায় একটা বোঝাপড়া দরকার বলে মনে করেন টেলিভিশন প্রযোজক সমিতির নেতা মনোয়ার পাঠান। তিনি বলেন, ‘একটি নাটক টেলিভিশনে বা সিডিতে মুক্তি পাওয়া মানেই কিন্তু এমন নয় যে এটার কপিরাইট তাদের। এটা নিয়ে টেলিভিশন বা ওটিটি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়। তারপরও কিন্তু থেকে যায়। সরকারের কপিরাইট আইন কী বলে, এটা আমাদের বুঝতে হবে।’

প্রযোজকদের নেতা মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির
ছবি: সংগৃহীত



সাজু মুনতাসির বলেন, ‘এখন কাজের ভ্যারিয়েশন বাড়ছে। ওটিটিসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ হচ্ছে। এখানে প্রযোজকদের অনেক কিছু বোঝার আছে। আগে আমরা বুঝতাম না, এখন বোঝার সময় হয়েছে। এই নিয়ে সরকারের আইন আছে। কিন্তু আমাদের প্রযোজকদের ৯০ ভাগ জানেন না কপিরাইট কী, সেখানে কি বলা হয়েছে। সংগঠন থেকে সব প্রযোজককে সচেতন করার উদ্যোগী হয়েছি। সবাইকে বোঝানো হবে কপিরাইট থেকে কীভাবে আমরা সুফল পেতে পারি। প্রযোজক হিসেবে কেউ যেন আর বঞ্চিত না হন, সেই বিষয়গুলো সামনে আনা হবে।’

গত নির্বাচনের সময় কয়েকজন প্রযোজক
ছবি: সংগৃহীত

টেলিভিশন প্রযোজক সমিতির পক্ষ থেকে ঈদের পর গুরুত্ব দিয়ে প্রযোজকদের স্বার্থে কাজ করবেন বলে জানান মনোয়ার পাঠান। তিনি আরও বলেন, ‘আমরা প্রতিনিয়ত প্রযোজকদের কাছ থেকে অভিযোগ পাই। টিভির সঙ্গে তাঁদের চুক্তি হলেও একটি ফাঁক থেকে যায়। এটা অনেকেই আগে ভাবতেন না। বিষয়গুলো সামনে আসছে। আমাদের আইনবিষয়ক সম্পাদক একজন ব্যারিস্টার। ঈদের পরে আলাদা একটি সাবকমিটি করে কাজ করব। কারণ, প্রায়ই অনেকে বলেন টেলিভিশনের চুক্তির কারণে তাঁরা বঞ্চিত হন। এটা কিন্তু ঠিক নয়, এই কারণে টিভিগুলো আলাদা বেশি অর্থ দেয়। এই যে বোঝাপড়ার ঘাটতি, এগুলো আমরা দূর করতে চাই।’