'অনুমান করুন, কে সে?'

বেশ কিছুদিন ধরে দেশের বাইরে ওড়াওড়ি-ঘোরাঘুরির মধ্যে ছিলেন মডেল ও অভিনয়শিল্পী সুজানা। দেশের বাইরে থাকার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে তার জানানও দিয়েছেন। সেসব ছবি নিয়ে খুব একটা রহস্য না করলেও বৃহস্পতিবার এক ব্যক্তির সঙ্গে তোলা ছবি নিয়ে সুজানা–ভক্তদের একটা ধাঁধার মধ্যে রাখতে চেয়েছেন। কক্সবাজারে তোলা সেই ছবির ক্যাপশনে সুজানা শুধু এটুকুই লিখেছেন, ‘অনুমান করুন, কে সে?’
সুজানার পোস্ট করা সেই ছবিতে অনেকে অনেক ধরনের মন্তব্য করলেও এখন পর্যন্ত নিজে থেকে রহস্যের জট খুলতে চাচ্ছেন না তিনি। কেউ কেউ বলছেন, ওই পুরুষটি আর কেউ নন, অভিনেতা সজল। আবার কেউবা বলছেন গায়ক হৃদয় খান। অনেকেই আবার মনে করছেন, নতুন কোনো বয়ফ্রেন্ড নিয়ে নিশ্চয় বেড়াতে গেছেন সুজানা। এরপরও মুখে কুলুপ এঁটে আছেন সুজানা, ভক্তদের আরও কিছুদিন অপেক্ষায় রাখতে চান।
সুজানা বলেন, ‘অনেকে অনেকের নাম বলেছে। কিন্তু আমি এখনো রহস্য উন্মোচন করতে চাইছি না। আমার সঙ্গে মানুষটি কে, তা আরও কয়েকটা দিন পর বলব। থাকুক না চমক হিসেবে। মন্তব্যের ঘরে অনেকে সজলের নাম বলছেন।’
মাঝে বেশ কিছুদিন ব্যবসায়িক ব্যস্ততায় অভিনয়ে মন দিতে পারেননি সুজানা। নিজের ফ্যাশন প্রতিষ্ঠান গুছিয়ে আনাতে এখন আবার অভিনয়ে মনোযোগী হওয়ার চেষ্টা করছেন। কক্সবাজারে যে পুরুষের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে, সেটি শুটিংয়েরই একটি অংশ—এটুকু জানিয়ে রাখলেন সুজানা। কিন্তু টানা বৃষ্টির কারণে পুরো কাজটির শুটিং শেষ করতে পারেননি বলে জানান এই মডেল ও অভিনেত্রী। সুজানা বলেন, ‘কয়েক মাস পর অভিনয়ে ফিরলাম। অনেক দিন পর সুন্দর গল্পের একটা নাটকে অভিনয়ের প্রস্তাব পেলাম, তাই কাজটি করছি। পুরো শুটিং শেষ হয়ে গেলে ছবির রহস্যও সবার কাছে উন্মোচন করে দেব। আপাতত কয়েকটা দিন রহস্যই থাকুক।’