'অসুস্থ চর্চা' বন্ধের অনুরোধ শাওনের

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নানা ধরনের কাজ নিয়ে সুস্থ চর্চা অব্যাহত রাখার অনুরোধ করেছেন প্রয়াত এই লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। একই সঙ্গে হুমায়ূন আহমেদের নাটক, সিনেমা, উপন্যাসের পাশাপাশি তাঁর লেখা গানগুলো নিয়ে নতুন প্রজন্মকে চর্চা করার অনুরোধ করেছেন তিনি। শাওন বলেন, ‘হুমায়ূন আহমেদের জীবন নিয়ে নানা ধরনের ঘটনা বিভিন্ন সময়ে নানান বইতে তিনি নিজেই বলে গেছেন। সেগুলি নিয়ে কথা বলুন। তাঁর মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে নিজেই লিখে গেছেন। সেগুলি নিয়ে চর্চা করুন। দয়া করে তাঁকে নিয়ে যেন কোনো অসুস্থ চর্চা না করা হয়। ’
আজ সকালে চ্যানেল আইতে ‘হিমু মেলা ২০১৬’ উপলক্ষে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অন্য প্রকাশের স্বত্বাধিকারী ও হিমু মেলার সভাপতি মাজহারুল ইসলাম। জানানো হয়, আগামীকাল রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই চত্বরে বিকেল তিনটা থেকে শুরু হবে হিমু মেলা। সেখানে হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রের গান পরিবেশনার পাশাপাশি থাকবে নানা ধরনের আয়োজন।
উল্লেখ্য, কদিন আগে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্র নিয়ে ব্যাপক আলোচনা হয়। দেশি-বিদেশি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় ছবিটি হুমায়ূন আহমেদের জীবনীনির্ভর। যার মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নির্মাতা ইরফান খান। অবশ্য পরিচালক ব্যাপারটি অস্বীকার করেছেন।
তবে শাওন ‘ডুব’ নিয়ে ওঠা আলোচনাকে ‘অসুস্থ’ চর্চা বলেছেন কি না তা পরিষ্কার করে বলেননি।