'আজকের অনন্যা'য় বাঁধন

গাজী টিভির ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানে বছর খানেক আগে অতিথি হয়ে এসেছিলেন বাঁধন। এবার তিনি অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে নতুন উপস্থাপক নিয়ে অনুষ্ঠানটির ধারণ কাজ শুরু হয়েছে। বললেন, ‘উপস্থাপনার কাজটা কিন্তু দারুণ। আর এই অনুষ্ঠানের ভাবনা মেয়েদের নিয়ে, তাই কাজ করতে আরও ভালো লাগছে।’
‘আজকের অনন্যা’ অনুষ্ঠান নিয়ে বললেন, ‘এখানে নারীদের নিয়ে নানা খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের পরিকল্পনা আগের মতোই আছে। নতুন কিছু যুক্ত হয়নি।’
বাঁধনের উপস্থাপনায় ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানের প্রচার শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি। এর আগে ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানিয়া আহমেদ ও ফারহানা নিশো।
উপস্থাপনায় বাঁধন এবারই নতুন নয়। তিনি প্রথম উপস্থাপনা করেন ২০০৬ সালে, চ্যানেল আইয়ের ওই অনুষ্ঠানের নাম ছিল ‘তারকা আড্ডা’। এর কয়েক বছর বিরতির পর উপস্থাপনা করেছেন বৈশাখী টিভির ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানটি। পর পর দুই বছর পুরো রমজান মাসে রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। আরটিভিতে উপস্থাপনা করেছেন ‘রানি আর রান্না’ অনুষ্ঠানটি।