'আমরা নিজেদের অ্যাপ্রিশিয়েট করতে পারি না'

‘জাতি হিসেবে আমাদের অনেক সাফল্য আছে, এরপরও আমরা কেন জানি হীনম্মন্যতায় ভুগি। আর এ কারণে আমরা নিজেদের ও নিজেদের কাজকে অ্যাপ্রিশিয়েট (প্রশংসা) করতে পারি না।’ বলছিলেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
চলচ্চিত্রে অভিনয় করানোর জন্য কয়েক বছর ধরে দেশের বাইরে থেকে অভিনয়শিল্পী আনার প্রবণতাটা বেশিমাত্রায় লক্ষ করা যাচ্ছে। ইদানীং আবার টেলিভিশন নাটকেও এ প্রবণতা শুরু হয়েছে। এ প্রসঙ্গে কথা উঠতেই ফজলুর রহমান বাবু এমন মন্তব্য করেন। ফজলুর রহমান বাবু এ–ও বলেন, ‘আমাদের দেশে যে হারে বাইরের দেশের শিল্পীরা আসেন এবং নির্বিঘ্নে কাজ করে যান, সেই হারে বা কাছাকাছি হারে আমাদের শিল্পীদের বাইরের দেশে কাজ করার সুযোগ দেওয়া হয় না। আমাদের দেশে কিন্তু অসংখ্য ভালো মানের শিল্পী ও কলাকুশলী আছেন; যাঁরা বাইরের দেশে বেশ ভালোভাবে কাজ করার যোগ্যতা রাখেন।’
বাবু বলেন, ‘গ্ল্যামার কিংবা শোবিজে নানা ধরনের হিসাবনিকাশ আছে। একটা মুখ দীর্ঘদিন ধরে দেখতে দেখতে একধরনের অভ্যাস তৈরি হয়। তখন বৈচিত্র্যের জন্য সবাই নতুন মুখ খোঁজেন। আমরা প্রায়ই দেখি, সিনেমায় একটা নতুন মুখ অথচ অভিনয়ের কিছুই জানে না। কিন্তু নতুন চেহারা ও নতুন মুখের ওই মানুষের ফিগারের আকর্ষণের কারণে সবাই সিনেমা হলে ছুটে যায়। এমনকি ইউটিউবে বারবার সেই নায়িকার ট্রেলার দেখে (হাসি)। আর এই ব্যাপারটি একেবারে উচ্চ বাণিজ্যিক প্রেক্ষাপট থেকে হয়ে থাকে।’
বাংলাদেশের মানুষের অনেক সফলতা আছে। এরপরও তারা নাকি জাতি হিসেবে হীনম্মন্যতায় ভোগে। ফজলুর রহমান বাবু বলেন, ‘একটা বিষয় খেয়াল করলে দেখবেন, আমাদের দেশের গুণীজন তখনই সমাদৃত হন, যখন বাইরের দেশের মানুষ বা সাদা চামড়ার কেউ তাঁর প্রশংসা করেন বা গুণের মূল্যায়ন করেন। বাইরের দেশের মানুষটি কিংবা সাদা চামড়ার ওই মানুষটির কারণে আমার দেশের মানুষটা গুণী হয়ে ওঠেন। আমরা আমাদের দেশের ওই মানুষটাকে নিয়ে হুমড়ি খেয়ে পড়ি। অথচ গুণী ওই মানুষটিকে নিয়ে কিছুদিন আগেও একটা নাক সিঁটকানো স্বভাব লক্ষ করা যেত; যা সত্যিই খুবই দুঃখজনক।’