'আর কোনো বিরতি নয়'

টিভি নাটক ও অন্যান্য অনুষ্ঠানে মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন প্রচারের কারণে ত্যক্ত-বিরক্ত হয়ে পড়েন এর দর্শকেরা। বিশেষ করে, ঈদ মৌসুমে বা বিশেষ দিবসের টেলিভিশন নাটক ও অন্যান্য অনুষ্ঠানে এর মাত্রা বহুগুণ ছাড়িয়ে যায়। দর্শকের কথা ভেবেই এবার বিরতিহীনভাবে নাটক ও অন্যান্য অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে স্যাটেলাইট টিভি চ্যানেল গাজী টিভি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ানবাজারের লা ভিঞ্চি হোটেলে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন গাজী টিভির প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ ও ভাইস চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়াসহ আরও অনেকে।
আমান আশরাফ ফায়েজ তাঁর বক্তব্যে বলেন, ‘অনেক দিন থেকেই সবার একটা অভিযোগ, দেশের টিভি নাটক ও অন্যান্য অনুষ্ঠান ভালো হওয়া সত্ত্বেও দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে। বিষয়টি জানার পর, আমরা পরামর্শক, গবেষক, সৃজনশীল প্রতিষ্ঠানের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে কথা বলেছি। সবার একটাই অভিযোগ, মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনই এর প্রধান কারণ।’ তিনি বলেন, ‘এরপরই আমরা সিদ্ধান্ত নিই, এবার থেকেই আমরা বিরতিহীনভাবে অনুষ্ঠান দেখাব। দর্শকেরাই যেহেতু গাজী টিভির প্রধান শক্তি, তাই তাঁদের মতামতকে আমরা সবচেয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এটা তেমনই চেষ্টা বলা যেতে পারে।’
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে, এই ঈদে গাজী টিভিতে বিকেল সাড়ে চারটা থেকে রাত দেড়টা পর্যন্ত যেসব অনুষ্ঠান প্রচার হবে সে সব অনুষ্ঠান একটানা কোনো ধরনের বিজ্ঞাপন বিরতি ছাড়াই দেখানো হবে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঈদে গাজী টিভিতে প্রচারিত হতে যাওয়া বিভিন্ন নাটক, টেলিছবি ও অন্যান্য অনুষ্ঠানসংশ্লিষ্টরা। এদের মধ্যে ছিলেন চয়নিকা চৌধুরী, ইমরাউল রাফাত, তুহিন হোসেন, ইমেল হক, মুসাফির সৈয়দ প্রমুখ। উপস্থিত সকলেই গাজী টিভির এমন প্রয়াসকে স্বাগত জানিয়েছেন।