'আলতুর' প্রিমিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুর রশীদ পরিচালিত আলতুর সাইকেল যাত্রা নাটকের দৃশ্য
মামুনুর রশীদ পরিচালিত আলতুর সাইকেল যাত্রা নাটকের দৃশ্য

শিশু ও গর্ভবতী মায়েদের টিকাদানের বিষয়ে সচেতন করতে তৈরি হলো ধারাবাহিক নাটক আলতুর সাইকেল যাত্রা। ১৩ পর্বের এই ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন মামুনুর রশীদ। বিটিভির জন্য নির্মিত হয়েছে ধারাবাহিকটি। আলতুর সাইকেল যাত্রা সম্পর্কে মামুনুর রশীদ বলেন, ‘শিশুদের টিকাদানবিষয়ক বিভিন্ন তথ্য, সচেতনতাবিষয়ক নানা ধরনের পরামর্শ উপস্থাপিত হবে এই নাটকে।’
নাটকটিতে আলতু চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, যিনি আশপাশের তিন গ্রামের বৃদ্ধা ও শিশুদের খুব পছন্দের মানুষ। গ্রামে কখন, কার, কী অসুবিধা, সেগুলো তাঁর নখদর্পণে। নানাভাবে সবাইকে শিশুদের রোগব্যাধি সম্পর্কে অবহিত করেন। সচেতন করে তোলেন এলাকার নিরক্ষর মা-বাবাকেও।
এই ধারাবাহিকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মুনমুন, চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশি, তুষার খান, শামীমা তুষ্টি, আহসানুল হক মিনু।
আজ রাজধানীর একটি হোটেলে নাটকটির প্রিমিয়ার শো হওয়ার কথা রয়েছে। আলতুর সাইকেল যাত্রা এপ্রিলে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হতে পারে। ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কানাডা ডিএফএটিডি এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে নাটকটি।