'ইত্যাদি' এবার নোয়াখালীতে

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি নোয়াখালীতে ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর। নোয়াখালীর মাইজদীতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে তৈরি করা হয়েছিল বিশাল মঞ্চ। আমন্ত্রণ জানানো হয় প্রায় ২০ হাজার দর্শককে। ওই দিন সন্ধ্যা ছয়টায় শুরু হয় ধারণকাজ। চলে রাত ১২টা পর্যন্ত।
ইত্যাদির গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
এবারের ইত্যাদিতে আমন্ত্রণ জানানো হয় বৃহত্তর নোয়াখালীর দুজন অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও তারিনকে। নির্বাচিত দর্শকদের সঙ্গে তাঁরা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি রোমান্টিক দৃশ্যে অভিনয় করেন।
ইত্যাদির জন্য নোয়াখালীকে নিয়ে গান লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর ও সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী।
নোয়াখালীর খুব জনপ্রিয় তিনটি গানের অংশবিশেষ নিয়ে তৈরি একটি গানের সঙ্গে নাচে অংশ নিয়েছেন স্থানীয় শতাধিক শিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।
রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।
দালালদের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়ে অবৈধভাবে যারা পাচার হয়ে যায়, তাদের দুর্দশার করুণ চিত্র তুলে ধরা হয়েছে এবারের ইত্যাদিতে। বাংলাদেশ, তুরস্ক আর গ্রিসের সীমান্ত এলাকায় ধারণ করা চিত্র রয়েছে প্রতিবেদনটিতে। ‘নিঝুম দ্বীপ’ নিয়ে রয়েছে প্রতিবেদন। ইত্যাদির এই পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ২৭ নভেম্বর রাত আটটার বাংলা সংবাদের পর।