'ইত্যাদি' এবার যশোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে দেখানো হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরে। স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন দেশের সবচেয়ে প্রাচীন যশোর কালেক্টরেট ভবনের সামনে ৫ নভেম্বর ধারণ করা হয় এবারের ইত্যাদি।
যশোর কালেক্টরেট ভবনের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মিত আলোকিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় গণমানুষের অনুষ্ঠান ইত্যাদি। এবারের পর্বে যশোরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন এবং যশোরের গদখালীর ফুল উৎপাদন ও বাজারজাতকরণের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এক শিক্ষক পরিবারের ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে ফ্রান্সের প্যালেস অব ভার্সাইয়ের নিয়ে; যেখানে একসময় কবি মাইকেল মধুসূদন দত্ত অবস্থান করেছেন।
ইত্যাদিতে মূল গান রয়েছে দুটি। যশোরেরই সন্তান কবি মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন গুণী শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে টিভি পর্দায় অনুপস্থিত যশোরের সন্তান শিল্পী আকবরকে দেখা যাবে এবারের ইত্যাদিতে। যশোরকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও আলী আকবর রূপুর সুর করা একটি দলীয় সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন যশোরের অর্ধশতাধিক স্থানীয় নৃত্যশিল্পী।
নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি দর্শক পর্ব, মামা-ভাগনে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পনসর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।