'ইত্যাদি' এবার শিলাইদহের কুঠিবাড়িতে

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়িতে। এবারের পর্বে রয়েছে কুষ্টিয়ার অনুষ্ঠানস্থল কুঠিবাড়ি এবং লালনের জীবনদর্শনের ওপর দুটি তথ্যবহুল প্রতিবেদন। রয়েছে বগুড়ার একটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইকবালের পাখি প্রেমের ওপর সচেতনতামূলক প্রতিবেদন। রয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসনের ফেসবুক পেজের ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। এবারের বিদেশি প্রতিবেদনে দেখা যাবে পর্যটকদের জন্য পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় স্থান সুইজারল্যান্ডের কিছু দৃষ্টিনন্দন স্থানের দৃশ্য। অনুষ্ঠানে থাকছে মানুষের প্রতি মানুষের মানবিক আচরণের এক অসাধারণ ঘটনার দৃষ্টান্ত স্থাপনকারী শামীম আহমেদ ও তাঁর সহকর্মীদের নিয়ে একটি মানবিক প্রতিবেদন।
এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। লালনের তিনটি গানের অংশবিশেষ নিয়ে এ গানটি তৈরি করা হয়েছে। গানটি গেয়েছেন শফি মণ্ডল ও এস আই টুটুল। এ গানে তাঁদের সঙ্গে অংশগ্রহণ করেছেন স্থানীয় বাউল শিল্পীরা। থাকছে রবীন্দ্রনাথের তিনটি গানের সমন্বয়ে সৃষ্ট একটি সংগীতের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে নাচ। দর্শক পর্বে অংশগ্রহণ করেছেন নাট্যকার মাসুম রেজা, অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাভলু এবং অভিনেত্রী আলভী।
নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগনে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। এবারের ইত্যাদির উল্লেখযোগ্য শিল্পীরা হলেন— সোলায়মান খোকা, কে. এস ফিরোজ, জিয়াউল হাসান কিসলু, আব্দুল আজিজ, মহিউদ্দিন বাহার, আব্দুল কাদের, নাজমুল হুদা বাচ্চু, শবনম পারভীন, আফজাল শরীফ, জিল্লুর রহমান, কাজী আসাদ, সুভাশিষ ভৌমিক, নিপু, তারিখ স্বপন, নিসা, রতন খান, জামিল, শিউলী শিলা, বিনয় ভদ্র, কামাল বায়েজিদ, মামুনুল হক টুটু, বিলু বড়ুয়া, প্রমা আজিজ, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, মতিউর রহমান, মঞ্জুরুল আলম, ফরিদসহ আরো অনেকে।
ইত্যাদির এ পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ১১ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। পুনঃপ্রচারিত হবে ১৩ সেপ্টেম্বর, রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।