'উজান গাঙের নাইয়া'তে মিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহানা মিলি
ফারহানা মিলি

‘আমি এখন উপকূলীয় অঞ্চলের এক নারী। বিশাল আয়োজনে শুটিংয়ের কাজ চলছে। ধারাবাহিক নাটক হলেও মনে হচ্ছে, সিনেমার শুটিং করছি।’
অভিনয়শিল্পী ফারহানা মিলির এ কথা শুনে আপনার মনে হতে পারে, উজান গাঙের নাইয়া ধারাবাহিকের প্রচার তো শেষ হয়েছে গত সেপ্টেম্বর মাসে, এবার আবার কী? জেনে রাখুন, এখন আবার তৈরি হচ্ছে এই ধারাবাহিকের সিক্যুয়েল। আর এখানে অভিনয় করছেন ফারহানা মিলি। এর মধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে। আগামী বছরের শুরুর দিকে বিটিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে।
রফিকুল ইসলাম ও শুভাশিস সিনহার রচনা ও বাশার জর্জিসের পরিচালনায় উজান গাঙের নাইয়ার সিক্যুয়েলে মিলির সঙ্গে অভিনয় করছেন রিয়াজ। এ ছাড়া আছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।
নাটকটি সম্পর্কে এর নির্বাহী প্রযোজক ও বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর শার্লট ইমবার্ট বলেন, অসাধারণ একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটির দ্বিতীয় এই সিরিজ!
উজান গাঙের নাইয়া বিবিসি আগমনীর (বিবিসি মিডিয়া অ্যাকশন, বাংলাদেশের হেলথ প্রোজেক্ট) একটি অংশ। এ নাটক নির্মিত হচ্ছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায়।