'উজান গাঙের নাইয়া'র তৃতীয় মৌসুম

বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ধারাবাহিক উজান গাঙের নাইয়া দ্বিতীয় মৌসুমের নিয়মিত প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতন করতে নির্মাণ করা হয়েছে এই ধারাবাহিক। তবে সুখবর হলো, দুই মৌসুমের ধারাবাহিকতা মাথায় রেখে চলছে তৃতীয় মৌসুম নির্মাণের পরিকল্পনা। এরই মধ্যে অবশ্য তৃতীয় মৌসুমের চিত্রনাট্যের কাজ শুরু হয়ে গেছে। এবারের মৌসুমের মূল গল্প লিখছেন কথাসাহিত্যিক আনিসুল হক। আর যৌথভাবে চিত্রনাট্য লিখছেন রফিকুল ইসলাম, গোলাম রাব্বানী ও সুস্মিন। আগের দুটি মৌসুমের মতো এবারও ধারাবাহিকটি পরিচালনা করবেন বাশার জর্জিস। তবে পরিচালক ঠিক থাকলেও পরিবর্তন হবে এর কলাকুশলী। এমনটা জানালেন পরিচালক। মুঠোফোনে বললেন, আগের মৌসুমের মতো এবারও শুটিং হবে কক্সবাজারে। কিন্তু কলাকুশলীসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে পের্বর সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিচালক জানান, এবার গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিবিষয়ক সচেতনতামূলক গল্প লেখা হচ্ছে। এ ছাড়া পারিবারিক বলয়ের দিকেও গুরুত্ব দেওয়া হবে।
আগামী অক্টোবরের শুরুতেই শুটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে তৃতীয় মৌসুমের। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই দেখা মিলবে এ ধারাবাহিকের।