'এখন শুধু সময় ভরানো হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারিক আনাম খান
তারিক আনাম খান

‘টিভি নাটকের অবস্থা খুব খারাপ। এখন চ্যানেলে যা প্রচার করা হয় তা হলো সময় ভরানো। এটা ছাড়া কোনো কাজ হয় বলে আমার মনে হয় না।’ টিভি নাটক নিয়ে সম্প্রতি এমন মন্তব্য করেছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেতা তারিক আনাম খান।

এই সময়ের টিভি নাটকের অবস্থা নিয়ে কথার শুরুতেই তারিক আনাম বলেন, ‘আগের মতো ‘‘কোয়ালিটি’’ নির্মাণ হচ্ছে না। বাজারের অবস্থাও ভালো না। এখন নাটক আর নাটকের মানুষের হাতে নেই। চলে গেছে চ্যানেলের মার্কেটিং আর এজেন্সির হাতে। তাদের কাছে ভালো কাজের চেয়ে সময় ভরানোটা মুখ্য হয়ে গেছে।’

তারিক আনাম খান জানিয়েছেন, এখন নির্মাতাদের টিকে থাকাই কঠিন। কারণ নাটকের গল্প নিয়ে ভেবে, একটু চিন্তাভাবনা করে, লোকেশন বাছাই করে যে একটা ভালো কাজ করবেন সে সুযোগ ও বাজেট হয় না। তাই দ্রুততার সঙ্গে উত্তরা বা পুবাইলের বাড়ির মধ্যেই কাজ সারতে হচ্ছে।

‘এতে কি ভালো কাজ হওয়া সম্ভব?’ প্রশ্ন রাখেন তিনি।

‘তবে এই অবস্থা বেশি দিন চলবে না।’ তারিক আনাম এ কথা বলার পর বলেন, ‘আমার বিশ্বাস তাড়াতাড়ি এসব সমস্যার সমাধান হবে। এভাবে চলতে পারে না। আমাদের সময় হয়েছে এসব নিয়ে ভাবার। তবে এ জন্য চ্যানেল, নির্মাতা এবং অভিনয়শিল্পীসহ সবার সহযোগিতা লাগবে।’ তিনি বলেন, ‘আমরা চাই আমাদের দর্শক অন্য দেশের কাজের ওপর নির্ভর না হয়ে পড়ুক। নিজের দেশের নির্মাণ, সংস্কৃতির ওপর মানুষের আস্থা আছে। কিন্তু সেটা তো তাদের কাছে পৌঁছে দিতে হবে।’

এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন তারিক আনাম খান। ‘দেশা দ্য লিডার’ ছবিতে অভিনয়ের জন্য সেরা খল অভিনেতার পুরস্কার উঠতে যাচ্ছে তাঁর হাতে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরস্কার সব সময়ই আনন্দের‍। আর ‘দেশা দ্য লিডার’ ছবির কাজ করে ভালো লেগেছে। নতুন নির্মাতা হিসেবে সৈকত নাসির অনেক ভালো করেছেন।’