'কমলা রকেট'-এ সামিয়া

ঢাকার সদরঘাট থেকে বাগেরহাটের মোরেলগঞ্জের দিকে গত ২৯ জানুয়ারি যাত্রা শুরু করেছে কমলা রঙের একটি স্টিমার। আজ রোববার পর্যন্ত একই পথে চলতে থাকবে এই স্টিমার। এতে যাত্রী হিসেবে রয়েছেন সামিয়া সাঈদ। আছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিমসহ আরও অনেকেই। কমলা রকেট নামের একটি সিনেমার শুটিংয়ের জন্য কয়েক দিন ধরেই ঢাকা-মোরেলগঞ্জ আসা-যাওয়ার মধ্যেই আছে এই সিনেমার পুরো ইউনিট। সিনেমার বেশির ভাগ শুটিং হবে এই যাত্রাপথেই। আর হাস্যরসের মাধ্যমে স্টিমারে থাকা যাত্রীদের কথাবার্তায় তুলে ধরা হবে সমাজের নানা অসংগতি।
২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন সামিয়া। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করেছেন। এবারই প্রথম সিনেমায় অভিনয় করছেন তিনি। জীবনের প্রথম সিনেমার শুটিংয়ের জন্য একটানা কয়েক দিন লঞ্চে কাটাতে হবে, ভাবেননি তিনি। তবে এমন অভিজ্ঞতা তাঁর কাছে একেবারে অন্য রকম।
সামিয়া বলেন, ‘নাটকে একসঙ্গে তৌকীর ভাই, মোশাররফ ভাইসহ অভিনয় করেছি। প্রথম সিনেমায় অভিনয় করতে এসেও সহশিল্পী হিসেবে তাঁদের পেয়েছি। অনেক কিছু শেখাও হচ্ছে। এ ধরনের শুটিংয়ের অভিজ্ঞতা অসাধারণ।’
সাহিত্যিক শাহাদুজ্জামানের গল্প অবলম্বনে কমলা রকেট ছবিটির পরিচালক মারুফ মিঠু। এই ছবিতে সামিয়া মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ের অভিনয় করছেন। নিজের বড় পর্দায় যাত্রা শুরু হয়েছে—এ নিয়ে বেশ রোমাঞ্চিত। বললেন, ‘ইচ্ছা ছিল সিনেমায় কাজ করার। কিন্তু পছন্দসই গল্প পাচ্ছিলাম না বলে রাজি হইনি। আমি এমনিতে বড় পর্দায় সিনেমা দেখতে খুব ভালোবাসি। এখন যখন নিজেকেও বড় পর্দায় দেখতে পারব, বিষয়টি ভাবতেই অন্য রকম লাগছে।’