'কল্যাণী' হয়ে ওঠা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরিচিতা নাটকের দৃশ্যে সুমন আনোয়ার, রওনক হাসান (মাঝে‍) ও মম
অপরিচিতা নাটকের দৃশ্যে সুমন আনোয়ার, রওনক হাসান (মাঝে‍) ও মম

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীর বর্ণনা দিয়েছেন এভাবে: ‘সেই সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে সোনা হইয়া ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন, গল্প নয়, তাহাকেই শোনে; তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝরনা ঝরিয়া পড়ে।’
যাঁর সম্পর্কে কবিগুরু এভাবে লিখেছেন, তিনি না জানি দেখতে কেমন! এই ‘কেমন’-এর উত্তর হয়ে আসছেন জাকিয়া বারী মম। এবার কল্যাণী হয়ে পর্দায় আসছেন তিনি। তারই আয়োজন চলছে গাজীপুরের কালিয়াকৈরের এক জমিদারবাড়িতে। রবীন্দ্রনাথের ‘অপরিচিতা’ নামের গল্প অবলম্বনে একই নামে নাটক নির্মাণ করছেন নির্মাতা সুমন আনোয়ার। গতকাল বৃহস্পতিবার থেকে এর শুটিং চলছে জমিদারবাড়িতে। চলবে আরও দুই দিন।
কল্যাণী হয়ে ওঠার জন্য মমর চেষ্টাটা কম নয়। বললেন, ‘রবীন্দ্রনাথের গল্পের নায়িকার চরিত্রে অভিনয় করা কঠিন। কারণ, সবাই গল্পটি পড়ে আলাদাভাবে চরিত্রটিকে কল্পনা করে নেয়। সেই কল্পনার জগতে নিজেকে নিয়ে যাওয়ার সব রকম চেষ্টাই আমাদের আছে। আমার পরিচালক এবং পুরো দল আপ্রাণ চেষ্টা করছি একটি ভালো কাজ করতে। চরিত্রটিতে ঢোকার জন্য আমি আবারও কয়েকবার গল্পটি পড়েছি। বেশ কয়েক দিন ধরে ভেবেছি। এখন বাকিটা দর্শকেরা বলতে পারবেন!’
অপরিচিতা নির্মাণ প্রসঙ্গে সুমন আনোয়ার বললেন, ‘রবীন্দ্রনাথের গল্প কখনো পুরোনো হয় না। তাঁর বলা গল্পটা বারবারই বলা যায়। তাই কবিগুরুর জন্মদিন উপলক্ষে আমার এই নির্মাণ।’
এতে আরও অভিনয় করছেন রওনক হাসান, সুমন আনোয়ার, শিল্পী সরকার অপু, জিয়াউল হাসান, এজাজ বারীসহ অনেকেই। নির্মাতা জানালেন, আগামী পঁচিশে বৈশাখ আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।