'কাহিনিচিত্র' শব্দটি প্রয়োগ করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
গাজী রাকায়েত
গাজী রাকায়েত
আজ থেকে শুরু হচ্ছে ‘চারুনীড়ম কাহিনিচিত্র উৎসব ২০১৫’। চলবে ১০ মার্চ পর্যন্ত। ২০০৮ সাল থেকে এক ঘণ্টার কাহিনিচিত্র বাঁচিয়ে রাখার আন্দোলনের অংশ হিসেবে উৎসবটি শুরু হয়। আজ এ নিয়ে কথা বললেন চারুনীড়ম ইনস্টিটিউটের পরিচালক গাজী রাকায়েত।

এত বছরের প্রাপ্তি নিয়ে জানতে চাই...
তাহলে একটা সত্যি ঘটনা দিয়েই শুরু করি। একটা ছেলেকে পরপর তিন বছর আমি লক্ষ করেছি। সে আমাদের উৎসবে প্রতিদিন নাটক দেখতে আসত। চতুর্থ বছরে যখন আমরা নতুন নির্মাতাদের কাছ থেকে কাহিনিচিত্র আহ্বান করলাম, তখন দেখলাম সেই ছেলেটিই তাঁর বানানো কাহিনিচিত্র জমা দিয়েছে উৎসবে। আরও মজার ঘটনা বলি। সেই ছেলেটি এবার একটি চলচ্চিত্র তৈরি করেছে। কিছুদিন আগেই আমি তাঁর ছবিতে অভিনয় করে এলাম। আমাদের এত বছরের আন্দোলন থেকে প্রাপ্তিগুলোর কথা কিন্তু এ ঘটনা দিয়েই বলা যায়। একটি আন্দোলন, একটি উৎসব দিয়ে কত তরুণ নির্মাতা যে অনুপ্রাণিত হচ্ছে, তা আসলে বলে বোঝানো যাবে না।
এবারের উৎসবে কী থাকছে...
উৎসবে দেখানো হবে ৩০টি কাহিনিচিত্র। এ উৎসবের পাশাপাশি আমরা প্রতিবছর ‘চারুনীড়ম টেলিিভশন কাহিনিচিত্র পুরস্কার’ও দিয়ে থাকি। এ বছরও তাই হবে। গত বছর আমরা শুধু ‘চারুনীড়ম টেলিিভশন কাহিনিচিত্র পুরস্কার’-এ বিজয়ীদের নাম ঘোষণা করেছিলাম। কিন্তু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পারিনি। এবার এ বছরের বিজয়ীদের পাশাপাশি তাঁদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ১ এপ্রিল। আজীবন সম্মাননা, চিত্রকুসুমসহ মোট ১৪টি বিভাগে দেওয়া হবে পুরস্কার।
উৎসব ঘিরে প্রত্যাশা কী থাকছে?
আমাদের প্রত্যাশা, এখন থেকে ‘এক ঘণ্টার নাটক’-এর বদলে ‘কাহিনিচিত্র’ শব্দটি প্রয়োগ করা হোক এবং চ্যানেলগুলো যেন কাহিনিচিত্র প্রচারে আরও বেশি উদ্যোগী হয়।
সাক্ষাৎকার: আদর রহমান