'চাচা'দের নায়িকা ভাবনা!

সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় একাধিক নাটকে অভিনয় করেছেন ভাবনা। এ খবর পুরোনো। তবে নতুন খবর হলো, এবারই প্রথম একসঙ্গে ক্যামেরার সামনে আসছেন তাঁরা দুজন। ইশতিয়াক আহমেদের ডিস্টার্ব নামের এক ঘণ্টার একটি নাটকে একসঙ্গে অভিনয় করবেন সালাহউদ্দিন লাভলু ও আশনা হাবিব ভাবনা।
সালাহউদ্দিন লাভলুর বিপরীতে অভিনয় ভাবনার জন্য অন্য রকমের এক অভিজ্ঞতাই হবে। তিনি বলেন, ‘সালাহউদ্দিন লাভলু আমার বাবার বন্ধু। তার মানে আমার চাচা। তাঁর বিপরীতে আমি অভিনয় করব! প্রস্তাব পাওয়ার পর অন্য রকম অনুভূতি হয়েছিল। চাচার বিপরীতে অভিনয় করব আমি! কিন্তু অভিনয় তো অভিনয়ই।’
তবে ভাবনা জানান, নাটকটিতে সালাহউদ্দিন লাভলুর সঙ্গে সরাসরি তাঁর প্রেম দেখানো হয়নি।
পরিচালক জানান, ২৫ ও ২৬ এপ্রিল পুরান ঢাকার লোকেশনে নাটকটির শুটিং হওয়ার কথা আছে।
ভাবনার বাবা চলচ্চিত্র পরিচালক, মঞ্চ অভিনেতা হাবিবুল ইসলাম। ভাবনা জানিয়েছেন, আগামী ঈদের জন্য আরও কয়েকটি নাটকে ‘চাচা’দের নায়িকা হবেন তিনি। ভাবনার ভাষায়, ‘কয়েকটি নাটকে জাহিদ হাসান, তৌকীর আহমেদ ও মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করব। কথাবার্তা চূড়ান্ত হয়েছে।’
মজা করেই ভাবনা বলেন, ‘ব্যক্তিজীবনে তাঁরা সবাই আমার বাবার বন্ধু। ছোটবেলা থেকেই এই চাচাদের অভিনয় দেখে আসছি। এখন বড় হয়ে তাঁদেরই নায়িকা হয়ে কাজ করছি! বিষয়টি বেশ উপভোগ করছি। অভিনয়ের মাঠে তাঁরাও এখন আমার বন্ধুর মতো। সবাই-ই অনেক অভিজ্ঞ। তাঁদের সঙ্গে কাজ করলে শেখার জায়গাটা বাড়ে।’