'জুতার বাক্স' থেকে 'বাক্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুতার বাক্স নাটকের দৃশ্য
জুতার বাক্স নাটকের দৃশ্য

প্রায় আট বছর পর আবার নতুন করে নির্মিত হলো হ‌ুমায়ূন আহমেদের নাটক জুতার বাক্স। একই গল্পে নতুন করে নির্মিত এই নাটকের নাম দেওয়া হয়েছে বাক্স। এতে অভিনয় করেছেন অন্তু করিম, হিমি, ঝুনা চৌধুরী, মনিরা মিঠু। কয়েক দিন আগে গাজীপুরের নুহাশপল্লীতে হলো নাটকটির শুটিং। এটি পরিচালনা করেছেন হ‌ুমায়ূন আহমেদের দীর্ঘদিনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।
নাটকটিতে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত অন্তু করিম। বললেন, ‘আমার জীবনের অনেক বড় পাওয়া। স্যারের গল্পে কাজ করতে পেরে আমি ধন্য। জীবনে প্রথম নুহাশপল্লীতে যাওয়া এবং তাঁরই লেখা নাটকে অভিনয় করার অভিজ্ঞতা হলো।’
হিমি বললেন, ‘স্যার জীবিত থাকতে তাঁর নাটকে অভিনয় করতে পারিনি। কিন্তু মৃত্যুর পর এটি ছাড়াও দুটি নাটকে অভিনয় করেছি। স্যারের লেখা নাটকে কাজ করা সত্যিই খুব আনন্দের।’
পরিচালক মোহাম্মদ ইব্রাহিম বললেন, ‘নাটকটি ২০০৮ সালের দিকে স্যার নিজে নির্মাণ করেছিলেন। ওই সময়ও আমি স্যারের সহকারী হিসেবে কাজ করেছিলাম। আট বছর পর নিজে নতুন করে নির্মাণ করলাম। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।’
২০০৮ সালে নির্মিত জুতার বাক্স নাটকে অভিনয় করেছিলেন ফারুক আহমেদ, মাজনুন মিজান, শিমন, দিপালী দেব প্রমুখ।

বাক্স নাটক​টি প্রচারিত হবে আগামী ১ অক্টোবর চ্যানেল আইতে।