'টাইম' নিয়ে থাইল্যান্ডে...

একটি রিসোর্টে থাকে কত গল্প, কত সম্পর্ক। সেসব সম্পর্কের গল্প নিয়ে তৈরি হচ্ছে ১২০ পর্বের ধারাবাহিক নাটক। থাইল্যান্ডের একটি রিসোর্টে চলছে টাইম নামের এই নাটকের শুটিং। লিখেছেন নাজনীন চুমকি। পরিচালনা করছেন অনিরুদ্ধ রাসেল।
টাইম নাটকের গল্প নিয়ে পরিচালক বলেন, প্রতিটি চরিত্রই তাদের সময়ের আবর্তে রিসোর্টে মিলিত হয়। কেউ আসে নিজেদের ভালো কিছু সময় কাটাতে, কেউ আসে বেঁচে থাকার জন্য ভালো কিছু সময়ের খোঁজে।
নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে ৮ মার্চ। পরিচালক জানান, এর সম্পূর্ণ দৃশ্যধারণ হবে থাইল্যান্ডে। শুটিংয়ের জন্য পুরো দল এখন থাইল্যান্ডে অবস্থান করছে। প্রথম ৬০ পর্বের দৃশ্যধারণ শেষে আগামী ১ এপ্রিল তাদের দেশে ফেরার কথা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নাজনীন চুমকি, অপূর্ব, হিল্লোল, সোহানা সাবা, নওশিন, কল্যাণ, নমিরা, ঊর্মিলা কর প্রমুখ। টাইম ধারাবাহিকটি চ্যানেল নাইনে প্রচারের জন্য নির্মিত হচ্ছে।