'তুমি একা নও!'

‘জীবন সব সময়ই সুন্দর। চলার পথে সবারই কোনো না কোনো সমস্যা থাকে। কিন্তু সমস্যায় পড়ে আত্মহত্যা কোনো সমাধান নয়। ভাবতে হবে, তুমি একা নও!’ একটি ফেসবুক পেজের মূল বক্তব্য এটি। নাম—‘ইউ আর নট অ্যালোন, স্টপ সুইসাইড’। আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য পেজটি চালু করেছেন পরিচালক রেদওয়ান রনি।
রেদওয়ান রনি বলছিলেন, ‘হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ উদ্যোগ। এটা একটা সচেতনতামূলক প্রচারণা। কয়েক দিন আগে আমরা রবিন উইলিয়ামসকে হারিয়েছি। আমাদের দেশেও এ রকম ঘটনা ঘটেছে। আমরা কারও জীবনের এ ধরনের দুঃখজনক পরিণতি চাই না।’
মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এরই মধ্যে এই পেজে যোগ দিয়েছেন। তাঁর মন্তব্য, ‘মানুষের জীবনে উত্থান–পতন আছে। খারাপ সময়টার সঙ্গেও ভালোভাবে মোকাবিলা করা উচিত।’
রনি জানান, শিগগিরই এই পেজে তারকাদের বক্তব্য নিয়ে তৈরি সচেতনতামূলক ভিডিও শেয়ার করা হবে।
চালু হওয়ার দিন চারেকের মধ্যেই আড়াই হাজারের বেশি ‘লাইক’ পেয়েছে পেজটি। ফেসবুকে পেজটির ঠিকানা: www.facebook.com/youarenotalonestopsuicide