'দস্যুরানি' মৌসুমী হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ হয়েছেন জলদস্যুদের সর্দার। গতানুগতিক প্রেমের নাটকে যখন টেলিভিশন সয়লাব, তখন জলে-জঙ্গলে গিয়ে দস্যুরানির চরিত্রে অভিনয় করলেন তিনি। সেই গল্পের টেলিছবিটি নির্মাণ করছেন সুমন আনোয়ার।

তাঁর সেই টেলিছবিতে জলদস্যুদের সর্দারের চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। টেলিছবির নাম বাদাবন। বেশ কয়েক বছর ধরে ঈদের টেলিছবিতে চমক নিয়ে হাজির হন সুমন আনোয়ার। বলেন ভিন্ন ধারার গল্প। তাঁর নির্মিত রাতারগুল, কালাগুল, গুলবাহার ও কমলা সুন্দরী টেলিছবিগুলোর দিকে তাকালেই এর প্রমাণ মেলে। সুমনের ভাষায়, এটাও সে রকম একটি ‘প্রজেক্ট’।

শুটিং করতে করতে সিলেটের রাতারগুল থেকে প্রথম আলোকে তিনি বলেন, ‘টানা ছয় দিন আমরা দেশের বিভিন্ন জায়গায় শুটিং করছি। পুরান ঢাকা, নতুন ঢাকা, গাজীপুরের কালিয়াকৈর, সিলেটের লাউয়াছড়াসহ বেশ কিছু জায়গায়। আরও কয়েক দিন চলবে শুটিং। আমরা সবাই চেষ্টা করছি নিজেদের সেরাটুকু দিয়ে কাজটি শেষ করতে।’

সেই চেষ্টার কতটুকু করছেন বাদাবন-এর দস্যুরানি? মৌসুমী বললেন, ‘আমার জন্য এটা অন্য রকম অভিজ্ঞতা। এমন পোশাকে কিংবা এমন চরিত্রে আগে কখনোই কাজ করা হয়নি। শেষ করার পর আসলে বলতে পারব চেষ্টা কতটুকু সফল হলো।’

বাদাবন টেলিছবিতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, আফরান নিশোসহ অনেকে। পরিচালক জানালেন, আসছে ঈদুল ফিতরে বাংলাভিশনে দেখা যাবে টেলিছবিটি।