
মহড়াকক্ষজুড়ে ছড়ানো বাদ্যযন্ত্র। ঢোল, তবলা, খোল, হারমোনিয়াম। মাঝে মাঝে রাখা নাটকের প্রয়োজনীয় সরঞ্জাম। আছে ঢাল, তরবারি, বন্দুক, বসার মোড়া, রুপালি কলস, গরুর গাড়ির চাকা, ভাঙা লাইট। পাশেই ছড়িয়ে–ছিটিয়ে বসে আছেন কুশীলবেরা।
নির্দেশক ঢুকলেন। দাঁড়িয়ে হাতে হাত ধরে মনোযোগী হওয়ার চেষ্টা কুশীলবদের। শুরু হলো মহড়া। সংগীত বাজতেই তালে তালে নাচ জুড়ে দিলেন একজন। তাঁর নাচের তালে আনন্দে মোহিত দর্শক। কেউ উড়িয়ে দিলেন টাকা। হঠাৎ গুলির শব্দ। ভেঙে যায় নাচের আসর। নাচনেওয়ালিকে হরণ করে নিয়ে গেছে কেউ। আহত একজন।
গোলমাল ভেদ করে ভেসে আসে এক কণ্ঠস্বর। তিনি ‘অঘোরনাথ’। তাঁর ভাষ্যে উঠে এল, এ নতুন নয়, ধলেশ্বরী অপেরার নটীদের এমন করেই হরণ করে নিয়ে যায় লোলুপেরা। আবার একজন নটী গড়ে ওঠে। বোঝা গেল, তিনি ধলেশ্বরী অপেরার প্রধান। ভ্রম জাগে মনে। কথা ছিল দেখতে আসব শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের মহড়া। রেপার্টরি থিয়েটার গ্রুপ আগন্তুকের দ্বিতীয় প্রযোজনার মহড়ায় দেখতে পাব ‘ম্যাকবেথ’-‘লেডি ম্যাকবেথ’কে। উচ্চারিত হবে শেক্সপিয়ারের সংলাপ। কিন্তু এ কী! এ যে ‘ধলেশ্বরী অপেরা’ নামে এক যাত্রাদলের বয়ান। তবে কি ভুল মহড়ায় ঢুকে পড়লাম। না, তা তো নয়। এই তো দাঁড়ানো পান্থ শাহ্রিয়ার, ত্রপা মজুমদার, শতাব্দী ওয়াদুদ, তানজুম আরা পল্লী—নাটকের কুশীলবেরা। মহড়া এগিয়ে যায়। হঠাৎ অঘোরনাথের মুখেই শোনা যায় শেক্সপিয়ারের নাম। এবার কোনো পালা করবেন না। করবেন প্লে (নাটক)। তা–ও শেক্সপিয়ারের ম্যাকবেথ। যাত্রাপালার দলে শুরু হয় ম্যাকবেথ নাটকের মহড়া। এরই মধ্যে যাত্রাদলের নায়ক ‘মুরাদ জং’-এর সঙ্গে দ্বন্দ্ব বাধে অঘোরনাথের। মুরাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক নায়িকা ‘নয়নতারা’র। দুজনে মিলে হত্যা করেন অঘোরনাথকে। মুরাদ হন ধলেশ্বরী অপেরার প্রধান। যাত্রাদলে নিজের অস্তিত্ব নিয়ে ক্রমেই সন্দেহ জাগে মুরাদের। করে আরও একটি হত্যা। ম্যাকবেথেরই রূপ ভাসে যেন মুরাদ জংয়ের চরিত্রে। তবে কি নয়নতারাই লেডি ম্যাকবেথ? ধলেশ্বরী অপেরার জমিনেই ভাসবে শেক্সপিয়ারের ম্যাকবেথ? সে নাহয় থাকল ধাঁধা হয়ে। তার আগে শুনে নেওয়া যাক নাট্যকার ও নির্দেশকের ভাবনা। পান্থ শাহ্রিয়ার বলেন, ‘কোনোভাবেই ধলেশ্বরী অপেরাকে ম্যাকবেথ ভাবার কারণ নেই। আমরা শুধু ম্যাকবেথ গল্পটা খুঁজতে চেয়েছি, অন্য কোনো গল্পের ভেতরে।’
আগামীকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রথমবারের মতো নাটকটি নিয়ে পাদপ্রদীপের আলোয় দাঁড়াবেন কুশীলবেরা। এদিন মিলবে সব ধাঁধার উত্তর।