'নরেন বিশ্বাস পদক' পাচ্ছেন নাসির উদ্দিন ইউসুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির উদ্দিন ইউসুফ
নাসির উদ্দিন ইউসুফ

এ বছর ‘নরেন বিশ্বাস পদক’ পাচ্ছেন নাট্যনির্দেশক নাসির উদ্দিন ইউসুফ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে কণ্ঠশীলন আয়োজন করেছে ‘নরেন বিশ্বাস পদক ২০১৫’ প্রদান অনুষ্ঠানের। ২৭ নভেম্বর বাক্‌শিল্পী নরেন বিশ্বাসের প্রয়াণ দিবস। তার একদিন আগে আজ এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এই পদক পাওয়ার খবর পেয়ে দারুণ খুশি হয়েছেন নাসির উদ্দিন ইউসুফ। আজ সকালে তিনি মুঠোফোনে তাঁর অনুভূতি জানালেন এভাবে, ‘দেড় মাস আগে কণ্ঠশীলনের সভাপতি সন্‌জীদা খাতুন আপা আমাকে ফোন করে খবরটি দিয়েছিলেন। তখন আমি এতটাই আনন্দিত হয়েছিলাম, সন্‌জীদা খাতুন আপা আমাকে ফোন করেছেন! এতেই আমি পদক পেয়ে গেছি। এটা আমার জন্য অনেক বড় একটা আনন্দের ঘটনা।’
বাক্‌শিল্পী নরেন বিশ্বাসকে স্মরণ করে নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘তিনি একজন মুক্তিযোদ্ধা। ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তিনি ছিলেন বাংলা ভাষার একজন পণ্ডিত ব্যক্তি, আবৃত্তিচর্চার অন্যতম পথিকৃৎ। আবৃত্তি শিক্ষাকে জনপ্রিয় করেছেন, উচ্চারণের গুরুত্বের ব্যাপারে সবাইকে সচেতন করেছেন তিনি। তাঁর নামে এই পদক দেওয়া হচ্ছে। তাতে আমি অনেক বেশি সম্মানিত বোধ করছি।’
নাসির উদ্দিন ইউসুফ জানান, এখন তিনি তাঁর নতুন ছবি ‘আলফা’র কাজ নিয়ে ব্যস্ত আছেন। ছবির কাজ এখন শেষ পর্যায়ে আছে। এ ছাড়া, ঢাকা থিয়েটার থেকে তাঁরা সৈয়দ শামসুল হকের কথানাট্য ‘অন্তর্গত’ নিয়ে কাজ করছেন। দলে নাটকটি নিয়ে এখন পাঠের কাজ চলছে। শিগগিরই মহড়া শুরু হবে। তিনি আরও জানান, এর পাশাপাশি উইলিয়াম শেক্‌সপিয়ারের ৪০০তম জন্মবর্ষ উপলক্ষে ‘রোমিও-জুলিয়েট’কে নতুনভাবে মঞ্চে আনার পরিকল্পনা এখন চূড়ান্ত হয়েছে।