'নির্মাণে নামব না, উঠব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহেদ আলী
শাহেদ আলী

‘অনেকেই জানতে চান, আমি কবে নির্মাণে নামব। তাঁদের বলি, আমি নির্মাণে নামব না, উঠব।’ অনেকটা মজা করেই কথাটা বলছিলেন অভিনেতা শাহেদ আলী। যদিও বেশ কিছুদিন ধরেই তিনি নির্মাণের সঙ্গে জড়িত। বেশ কিছু নাটক ও চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এই অভিনেতা। ফলে সহকারী থেকে পুরোপুরি পরিচালক কবে হচ্ছেন এমন প্রশ্নের মুখোমুখি হওয়া স্বাভাবিক।
ছোট করে উত্তরটা দিয়ে পরে ব্যাখ্যা করেন শাহেদ। বলেন, ‘নির্মাণ এমন একটা জায়গা, যেখানে গিয়ে মানুষ নিজেকে প্রমাণ করে। তাই আমার কাছে মনে হয়েছে, এটা একটা ধাপ অতিক্রম করে ওপরে ওঠার জায়গা। এ কারণেই আমি বলি, নির্মাণে আমি উঠব।’
কবে নাগাদ ক্যামেরার পেছনে অবস্থান নেবেন তিনি, জানতে চাইলে বলেন, ‘চাইলে যেকোনো সময় শুরু করতে পারি। কিন্তু আমি আরও কিছুদিন সময় নিতে চাই। যে কাজটা করব, সেটা ভালোবেসে মন দিয়ে করতে চাই। এ কারণেই সময় নেওয়া।’

গত সপ্তাহে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত নতুন সিনেমা ‘অজ্ঞাতনামা’। সেখানে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন শাহেদ আলী। নতুন এ ছবিটি নিয়ে শাহেদ আলী বলেন, ‘এই সিনেমাটির গল্প অসাধারণ। যাঁরা পুরো সিনেমাটি দেখবেন, আমি নিশ্চিত যে তাঁরা মুগ্ধ হবেন।’