'পুরো ইউনিট মিলে এক পরিবার হয়েছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়শিল্পী শবনম ফারিয়া
অভিনয়শিল্পী শবনম ফারিয়া

কদিন আগে থাইল্যান্ড থেকে শুটিং করে ফিরেছেন অভিনয়শিল্পী শবনম ফারিয়া। প্রথমবার মা-বাবা ছাড়া বিদেশ ভ্রমণ। কেমন ছিল সেটা? শবনম ফারিয়ার ভাষায়, ‘জোশ একটা ট্যুর। এত আনন্দ করেছি তা ভাষায় প্রকাশ করতে পারব না। প্রথমবার বাবা-মা ছাড়া বিদেশ যাওয়া এটা একটা বড় ব্যাপার আমার জন্য।’

এ মাসের মাঝামাঝি থাইল্যান্ড যান শবনম ফারিয়াসহ পুরো একটি টিম। রাজিবুল ইসলামের রচনা ও পরিচালনায় ‘হিং টিং ছট’ নামের একটি ধারাবাহিকে শুটিং করাই ছিল উদ্দেশ্য। এই দলে ছিলেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ, সাজু খাদেম, ফারহানা মিলি, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, সিয়াম আহমেদ, লুৎফুন্নাহার আশা ও আরফান আহমেদ।

শুটিংয়ের গল্প প্রসঙ্গে শবনম বলেন, ‘বাবা-মা ছাড়া গেলে কি হবে, আমরা পুরো ইউনিট একটা পরিবার হয়ে গিয়েছিলাম। তাই সেই অভাবটা খুব বেশি বোধ করিনি। আর যারা গিয়েছিল ওরা তো আমার বন্ধু। দারুণ মজা করেছি সবাই মিলে।’

থাইল্যান্ডের একটি রিসোর্ট শুটিং শেষ করে এরই মধ্যে ঢাকায় ফিরেছে সবাই। এসেই যোগ দিয়েছেন নতুন নাটকের শুটিংয়ে।