'প্লিজ, সবাইকে আমার বয়স বলে দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া
পিয়া

‘প্লিজ, সবাইকে আমার বয়স বলে দিন।’
‘বলেন কী! কেন?’
‘সবাই আমাকে অনেক বড় ভাবে।’
‘কতটা বড় ভাবে?’
‘৩০-৩২।’
‘আসলে কত?’
‘আমার বয়স ২৬ বছর। আমার জন্ম ১৯৯১ সালে।’

কথা হচ্ছিল মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল ফেরদৌস পিয়ার সঙ্গে। আজ ১৪ অক্টোবর তাঁর জন্মদিন। গতকাল শুক্রবার রাত ১২টায় পিয়াকে চমকে দেন তাঁর স্বামী ফারুক হোসেন আর বন্ধুরা। তাঁদের নিয়ে কেক কাটেন পিয়া।

আজ শনিবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা হয় পিয়ার। জানালেন, জন্মদিন উদ্‌যাপন করার জন্য আজ তাঁর এতটুকু সময় নেই। কারণ, বার লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা দেবেন তিনি। সিট পড়েছে উদয়ন স্কুলে। সেখানেই যাচ্ছেন। বেলা দুইটায় পরীক্ষা শুরু হবে।

বললেন, ‘এর আগে এমসিকিউ পরীক্ষায় পাস করেছি। আজ লিখিত পরীক্ষা। এরপর মৌখিক পরীক্ষা হবে।’

বার লাইসেন্স পরীক্ষা দিতে যাচ্ছেন পিয়া
বার লাইসেন্স পরীক্ষা দিতে যাচ্ছেন পিয়া

এখন সবকিছুই পড়তে হচ্ছে। জানালেন, সিভিল লর ব্যাপারে তাঁর যথেষ্ট আগ্রহ। সামনে সিভিল ল নিয়ে কাজ করতে চান। এরই মধ্যে কিছুদিন জুনিয়র হিসেবে কাজ করেছেন ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসে। এখন আছেন চৌধুরী অ্যান্ড উল্লাহতে।

দেশের পাশাপাশি এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও মডেল হিসেবে পরিচিতি পেয়েছেন পিয়া। কাজ করছেন কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে। দেশেও তিনি অন্যতম জনপ্রিয় মডেল। পাশাপাশি পছন্দ হলে অভিনয়ও করছেন। এরই মধ্যে অভিনয় করেছেন কয়েকটি চলচ্চিত্রে। একক আর ধারাবাহিক নাটকেও দেখা যায় তাঁকে।

এত ব্যস্ততার মাঝে আইনের মতো কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারছেন? পিয়া বললেন, ‘মাঝে মাঝে আমারও তা-ই মনে হয়। কিন্তু অভিনয় আর মডেলিংয়ে পাশাপাশি নিজে একজন দক্ষ আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হব, এই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য কষ্ট করে যাচ্ছি।’