'ফাঁকা ঢাকায় শখকে নিয়ে বাইকে ঘুরেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শখ ও নিলয়
শখ ও নিলয়

চাঁদরাত নিয়ে সবার জীবনে কমবেশি গল্প আছে । এই রাতে সবাই একটু বেশি সময় করে বাড়ির বাইরে থাকেন। শেষ মুহূর্তের কেনাকাটার পাশাপাশি ফাঁকা ঢাকায় ঘোরাঘুরিও করে থাকেন। অভিনয়শিল্পী নিলয়ের চাঁদরাত নিয়ে রয়েছে মজার গল্প। ববললেন, শখের সঙ্গে প্রেমের সম্পর্ক হওয়ার পর চাঁদরাতে ফাঁকা ঢাকায় তাঁকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন তিনি।
নিলয় বলেন, ‘আমি সাভারের ছেলে। ছোটবেলায় চাঁদরাতে সাধারণত বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করা হতো বেশি। সবাই অনেক মজা করতাম। রাত জেগে কত যে পার্টি করেছি তার কোনো শেষ নাই। শখের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পর থেকে চাঁদরাতের অনেকটা অংশ জুড়ে থাকত সে। সারা বছর কাজ শেষে ঈদের আগে যে সময়টা পেতাম তা আমরা ঘুরেফিরে কাটাতাম। রাতের ফাঁকা ঢাকায় শখকে নিয়ে লুকিয়ে আমার বাইকে ঘুরে বেড়াতাম। সেই মুহুর্তগুলো খুবই মজার ছিল।’
নিলয় বলেন, ‘আমরা তো দুজনে শুটিং করি। ঈদের আগে পরে কয়েকটা দিন শুটিং থেকে একদম ছুটি। তাই ঘোরাঘুরির জন্য রাতের ঢাকা ফাঁকা পেলে তো কথাই নেই। বন্ধুরা মিলে আড্ডা দিতাম। শখ আমার সঙ্গে রাতের ঢাকায় বাইকে চড়তে চাইত। আমিও দারুণ আনন্দ নিয়ে ফাঁকা ঢাকায় ঘুরে বেরিয়ে কেনাকাটা সেরে শখকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসতাম।’
কয়েক বছর প্রেমের পর গত জানুয়ারিতে হুট করেই বিয়ের কাজটি সেরে নেন শখ ও নিলয়। বিয়ের পর এবারই প্রথম তাঁরা একসঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছেন। এবারও তাঁরা একসঙ্গে চাঁদরাতে বের হন। তবে এবার আর কেউ দেখে ফেলার ভয় ছিল না তাঁদের মনে।