'বউ' যখন ভিলেন!

স্টার প্লাসের ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের অক্ষরার কথা মনে আছে? সেই ‘বউ’ ইমেজের মাঝেই নিজেকে আটকে ফেলেছিলেন হিনা খান। কিছুতেই বের হতে পারছিলেন না। যখনই কোনো কাজের প্রস্তাব পেয়েছেন, তাও ছিল ‘বউ’ চরিত্র। হবে নাই-বা কেন! ২০০৯ সাল থেকে পুরো সাত বছর এই সিরিয়ালে অভিনয় করেছেন। নিজের নামটাই হারাতে বসেছিলেন হিনা খান, সবার কাছে তিনি হয়ে যান ‘অক্ষরা’। সেই ‘অক্ষরা’র মাঝ থেকে নিজেকে বারবার বের করার চেষ্টা করেছেন। কিন্তু পারেননি। ২০১৭ সালে কালারস টিভির দুটি রিয়েলিটি শোতে সুযোগ পান হিনা খান, একটি ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৮’ আর অন্যটি ‘বিগ বস ১১’। এই দুটি রিয়েলিটি শোতে রানারআপ হন হিনা খান।

এবার সম্পূর্ণ অন্য ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন। গত ২৫ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে শুরু হয়েছে ‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়াল। প্রযোজক একতা কাপুর, প্রযোজনা প্রতিষ্ঠান তাঁর বালাজি টেলিফিল্মস। এই সিরিয়ালের ‘কমলিকা’ চরিত্রের জন্য আমন্ত্রণ পান হিনা খান। এই সিরিয়াল নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে হিনা খান বলেছেন, ‘আমার উত্তেজনার পারদ এখন তুঙ্গে!’
আর ‘বউ’ নন, হিনা খান এবার ভিলেন। ‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়ালে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। চরিত্রটির নাম ‘কমলিকা’। এর আগে এই চরিত্রে অভিনয় করেছেন উর্বশী ঢোলাকিয়া। এবার তিনি নেই। ‘বউ’ ইমেজ থেকে সরে আসার সুযোগ পেয়ে হিনা খান বললেন, ‘অসাধারণ সুযোগ! এখানে নিজেকে প্রমাণ করতে পারব। যেকোনো চরিত্রে অভিনয় করার ক্ষমতা আমার আছে। সেই পুরোনো ইমেজ থেকে বের হওয়া কম কষ্টের কাজ নয়! তারপরও চেষ্টা করে যাচ্ছি।’

তবে ‘ভিলেন’ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান না হিনা খান। বললেন, ‘এর পর যে চরিত্রটা করব, সেটা অবশ্যই ইতিবাচক হবে।’ তার মানে, শিগগিরই একতা কাপুরের সঙ্গে আরও একটি কাজ করতে যাচ্ছেন তিনি। তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে চাননি। হয়তো নির্মাতাদের কাছ থেকে নিষেধ আছে।
স্টার প্লাসে ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালের শুরুটা হয়েছিল ২০০১ সালের ২৯ অক্টোবর, শেষ হয় ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি। এবার ‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়াল নিয়ে প্রযোজক একতা কাপুর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ভালোবাসা কখনো মরে না। যখন সবাই মনে করে এটা শেষ হয়ে গেছে, তখনই তা ফিরে আসে। এই যেমন “কসৌটি জিন্দেগি কে”।’

যে গল্প দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালটি, এবার সেই গল্প এসেছে নতুন মোড়কে। চিত্রনাট্যকে সময়োপযোগী করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে একতা কাপুর বলেছেন, ‘আমার মতে, ভালোবাসা ক্ল্যাসিক। এই গল্প কখনো পুরোনো হয় না, বারবার বলা যায়। তবে হ্যাঁ, সময়ের সঙ্গে মিল রেখে তৈরি হয়েছে গল্প, এসেছে নতুন কিছু চরিত্র। তার মানে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু অনুভূতিটা সব সময় একই রকম।’
এদিকে গত ৩১ মার্চ বন্ধু রকি জয়সওয়ালের সঙ্গে বাগদান হয়েছে হিনা খানের। আর সেই বাগদান হয়েছে অনেকটা রূপকথার মতো। সেদিন সকালে দুবাইয়ের মরুভূমিতে ভূমি থেকে অনেক ওপরে একটি এয়ার বেলুনে ছিলেন তাঁরা দুজন। হঠাৎ সেখানে হিনার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন রকি জয়সওয়াল। হিনাকে বিয়ের প্রস্তাব দেন। হিনার মুখে হাসি, চোখে পানি। সেখান থেকে ফিরে এসে বলেছেন, ‘কী বলব, কী বলা উচিত, কিছুই বুঝতে পারছিলাম না। এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’ এরপর দাঁড়িয়ে হিনা খানের আঙুলে আংটি পরিয়ে দেন রকি জয়সওয়াল। সংবাদমাধ্যমকে হিনা খান আরও বলেছেন, ‘সেই অনুভূতি বলে বোঝানো যাবে না।’

জানা গেছে, রকি জয়সওয়াল প্রযোজক। অনেক দিন তাঁরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন। প্রেম বা বিয়ে নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি তাঁরা। তবে অনেকেই ধারণা করছেন, এবার বুঝি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।