'বাংলাদেশ ফুর্তিতে খেলুক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবর্ণা মুস্তাফা
সুবর্ণা মুস্তাফা

বাংলাদেশকে আজ ফুর্তিতে খেলতে হবে; কোনো ধরনের চাপ ছাড়াই। আজকের যত টেনশন, যত চাপ—সবই ভারতের। কথাগুলো অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফার। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ-ভারতের খেলার আগে এমনটাই মন্তব্য করেছেন গুণী এই অভিনয়শিল্পী।

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আসার আগ পর্যন্ত বাংলাদেশ দল যেভাবে খেলেছে, তাতে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ তারা দিয়েছে।

সুবর্ণা বলেন, ‘নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ যে খেলা খেলেছে, আমার ধারণা, সেটি এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো ম্যাচ। সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল। নিউজিল্যান্ড যেমন ভালো করেছে, বাংলাদেশ দলও প্রাথমিক বিপর্যয় কাটিয়ে রিয়াদ-সাকিবের ব্যাটিং, মোসাদ্দেকের বোলিং, মাশরাফির ক্যাপ্টেনসি—সবই ছিল দুর্দান্ত। আমি চাইব, আজকেও বাংলাদেশ সেভাবে খেলবে।’

বাংলাদেশ দলের সেমিফাইনাল খেলা নিয়ে পুরো দেশ খুশি। সুবর্ণা বলেন, ‘আমরা বাংলাদেশের সবাই যেমন খুশি আমাদের দেশ সেমিফাইনাল খেলছে, তেমনি বাংলাদেশ দলের সবাইকেও খুশি নিয়ে খেলতে হবে। চাপ নেওয়ার কিছু নেই।’

ভারত অধিনায়ক বিরাট কোহলি অবশ্য এর আগে জানিয়েছিলেন, ইংল্যান্ড আর তারা ফাইনাল খেলবে। প্রসঙ্গটি মনে করে সুবর্ণা বলেন, ‘ভারতীয়দের ধারণা ছিল, ওরা আর ইংল্যান্ড ফাইনাল খেলবে। বিরাট কোহলি নিজেই এটা বলেছে। দেখা যাক, এখন কারা ফাইনাল খেলে। খেলা শেষ হওয়ার আগে তো কিছুই বলা যাবে না।’

খেলা শুরুর আগে বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়ের প্রতি শুভকামনা জানিয়েছেন সুবর্ণা। তবে আজকের খেলায় তিনি নাসির হোসেনকে মিস করবেন বলে জানান। সুবর্ণা বলেন, ‘আই উইল মিস নাসির হোসেন। আজকের খেলায় তাঁর থাকাটা খুব দরকার ছিল। কিন্তু আমার মনে হচ্ছে, নাসিরও চাইছে বাংলাদেশ দল সবচেয়ে ভালো খেলাটা খেলুক আজ।’