'বিগশট' টেলিছবিতে বিগশটেরা!

বিগশট টেলিছবির একটি দৃশ্যে মামুনুর রশীদ, রুমি, জাহিদ হাসান ও আমিরুল হক চৌধুরী
বিগশট টেলিছবির একটি দৃশ্যে মামুনুর রশীদ, রুমি, জাহিদ হাসান ও আমিরুল হক চৌধুরী

৯০ মিনিটের এই টেলিছবিটির নাম বিগশট। ‘বিগশট’ শব্দটি বাংলা করলে দাঁড়ায় ‘রথী-মহারথী’। নামের সঙ্গে এই টেলিছবির চরিত্রের অনেক মিল। এতে ছোট পর্দার বিভিন্ন প্রজন্মের প্রায় দুই ডজন রথী-মহারথী শিল্পী অভিনয় করেছেন। এ টি এম শামসুজ্জমান, মামুনুর রশীদ, আমিরুল হক চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, প্রভা, স্বাগতা, মৌসুমী হামিদসহ রয়েছেন আরও অনেকে। 

বিগশট টেলিছবির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে তানজীম রহমান ও সাদাত রাসেল। যৌথভাবে এটি পরিচালনা করেছেন আরফান আহমেদ ও সোয়াইবুর রাসেল। 

এক টেলিছবিতে এতসংখ্যক শিল্পীর অংশগ্রহণ—গল্পের প্রয়োজনে নাকি অন্য বিশেষ কোনো কারণ? ‘গল্পের প্রয়োজনে নয়, বরং এত এত শিল্পী নিয়ে কাজ করা হবে ভেবেই গল্প লেখা। আর ঈদ উত্সবের বিশেষ কাজ বলে কথা।’—এমনটাই জানালেন এর এক পরিচালক আরফান আহমেদ। তিনিও অভিনয়শিল্পী, তবে এবারের ঈদে এটি হবে তাঁর পরিচালনায় প্রথম কাজ। আরফান বলেন, ‘আগে ভিন্ন সময় দু–একটি নাটক–টেলিছবি পরিচালনা করেছি। তবে ঈদ উৎসবের মতো বড় আয়োজনের জন্য এটাই হবে আমার প্রথম নির্দেশিত টেলিছবি। আমি চেয়েছি একটা ধামাকা দিয়ে ঈদের কাজ করতে। চেষ্টা করেছি দর্শক যেন টেলিছবিটি দেখতে বসে না উঠে যান, আর কাজটির মধ্য দিয়ে আমাকে যেন নির্মাতা হিসেবেও মনে রাখেন।’ এত শিল্পী দেশি কোনো টেলিছবিতে একসঙ্গে আগে অভিনয় করেছেন, এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া কঠিন হবে বলে ধারণা এই নির্মাতার।

একজন রাজনীতিবিদ, একজন সিনেমার নায়িকা ও একজন ডাকাতসর্দারকে ঘিরে এই টেলিছবির গল্প। রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। টেলিছবিটি প্রসঙ্গে এই তারকা বলেন, ‘যখন ওরা গল্প নিয়ে আমার কাছে আসে, গল্প শুনেই মনে হয়েছিল আলাদা কিছু একটা হবে। হয়েছেও তা–ই। আমাদের এখানে একটা টেলিছবি এত বড় পরিসরে সাধারণত হয় না।’

সম্প্রতি টানা সাত দিন পুবাইল, উত্তরা ও এফডিসিতে এর কাজ শেষ হয়েছে। পরিচালক জানিয়েছেন, বিগশট আগামী ঈদুল ফিতরে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠানমালায় দেখানো হবে।