'বিজলি' ফিরছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিলা নুর
সাবিলা নুর

গত বছরের ঈদুল ফিতরে পুরান ঢাকার গল্প নিয়ে তৈরি হয়েছিল খণ্ড ধারাবাহিক ‘বাকরখানি’। তাতে পুরান ঢাকার এক চঞ্চলা মেয়ে ‘বিজলি’-র চরিত্রে অভিনয় করেছিলেন সাবিলা নুর। তানিম পারভেজ পরিচালিত নাটকটি দেখিয়েছিল দেশ টিভি। আবার আসছে ঈদ। এই ঈদে দর্শকদের কাছে আবারও ফিরবে পুরান ঢাকার বিজলি।
এ প্রসঙ্গে সাবিলা নুর জানিয়েছেন, ঈদের জন্য ‘যেমন খুশি তেমন সাজো’ নামে একটি নাটক তৈরি হবে। সেই নাটকেও ‘বিজলি’ নামের একটি চরিত্র আছে। চরিত্রটিতে অভিনয় করবেন তিনি।
আগের নাটকের মতো এই নাটকের ভাষা, চরিত্রটির নাম, কার্যক্রম একই রকম হলেও নতুন নাটকের নাম ও গল্প আলাদা।
সাবিলা মনে করেন, নাটকটি তাঁর জন্য যেমন রোমাঞ্চকর হবে, তেমনি দর্শকদের জন্যও হবে দারুণ উপভোগ্য।
সাবিলা বলেন, ‘এ নাটকে পুরান ঢাকার মেয়ে “বিজলি” চরিত্রটি করতে গিয়ে শুটিংয়ের সময়টা খুব উপভোগ করেছিলাম। এবারও “বিজলি” চরিত্রে, একই ধরনের আরেকটি কাজ করতে যাচ্ছি। আশা করছি, এবারও খুব মজা হবে।’
সাবিলা নুর আরও বলেন, ‘চরিত্রটির ঢং কিছুটা আগের নাটকের মতো হলেও এবারের গল্পটি একেবারেই আলাদা। গতবারই প্রথম পুরান ঢাকার মেয়ের চরিত্রে কাজ করেছিলাম। অভিজ্ঞতাও কম ছিল। এবার ‘বিজলি’ চরিত্রটি আরও ভালোভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাওয়া যাবে।’
‘যেমন খুশি তেমন সাজো’ নাটকটি রচনা ও পরিচালনা করছেন মনিরুজ্জামান লিপন। সাবিলা নুর জানিয়েছেন, গতকাল শুক্রবার পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকে তাঁর বিপরীতে অভিনয় করছেন মিশু সাব্বির।