'বিরক্ত' ফারিয়ার নয়া পরিকল্পনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারিয়া শাহ্‌রিন।
ফারিয়া শাহ্‌রিন।

কয়েক মাস আগে ‘আনলাকি লাভ’ নামের একটি নাটকের কাজ করতে গিয়ে নাকি ভয়াবহ বিরক্তিকর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ফারিয়া শাহ্‌রিন। আর সেদিন থেকেই নাটক নিয়ে নতুন এক পরিকল্পনা করে ফেলেছেন তিনি। ফারিয়া বললেন, ‘ভাবছি, এখন থেকে আর নাটকেই অভিনয় করব না। খুব বিরক্ত আমি। ভাবতেই পারিনি এ অবস্থায় দাঁড়িয়ে এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে!’

কী সেই ‘ভয়াবহ অভিজ্ঞতা’ জানতে চাইলে ফারিয়া বলেন, ‘মাস তিনেক আগে পরিচালক শহীদুল ইসলাম (রুনু) তাঁর ‘আনলাকি লাভ’ নাটকে অভিনয়ের জন্য আমাকে অনুরোধ করেছিলেন। গল্পটি পড়ে ভালো লাগায় কাজটি করতে রাজি হয়েছিলাম। শুটিং শেষে পরিচালক আমাকে সম্মানীর টাকাটা চেকের মাধ্যমে দেওয়ার কথা জানান। আমিও তাঁর প্রতি সম্মান দেখিয়ে চেকটি হাতে নিয়েছিলাম। পরে ব্যাংকে চেকটি জমা দিলে জানতে পারি তাঁর অ্যাকাউন্টে নাকি পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। বিষয়টা জানানোর জন্য পরিচালককে ফোন দিলে তিনি আর ফোন ধরেননি। এমনকি এখনো পর্যন্ত আর কোনো যোগাযোগও করেননি।’

ফারিয়া বলেন, ‘দুই-তিন দিন সময় নিয়ে একটা নাটকে কাজ করার পর যখন এমন অবস্থা হয় তখন বিরক্ত না হয়ে কি উপায় থাকে! তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আর নাটক করব না।’

নাটকে না করলে অন্য কী করবেন? এমন প্রশ্নে ফারিয়া বলেন, ‘বিজ্ঞাপনচিত্র অথবা উপস্থাপনার কাজ করাটাই বেশি ভালো। এসব অনুষ্ঠান থেকে দর্শক প্রতিক্রিয়াও বেশ ভালোভাবে পাওয়া যায়।’ তিনি বলেন, ‘কিছুদিন আগে আমি রান্নাবিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। এরপর থেকে যেখানেই গেছি সবাই অনুষ্ঠানটির বেশ প্রশংসা করেছেন।’

ফারিয়া আরও বলেন, ‘আমি এমনিতেও নাটকের কাজ খুব একটা করি না। আর তাও পুরোপুরি গল্প পছন্দ হওয়ার ওপরই নির্ভর করে। এত কিছু বাছবিচার করার পরও যখন এমন বাজে অভিজ্ঞতা হলো, সে ক্ষেত্রে নাটকে অভিনয় করার কোনো মানে হয়!’

ফারিয়া জানিয়েছেন, তিনি সত্যিই অনেক বিরক্ত হয়েছেন। পরিচালক প্রসঙ্গে ফারিয়ার বক্তব্য, ওই পরিচালক শুধু তাঁর সঙ্গেই নয়, তাঁর সহ-অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গেও নাকি এমনটা করেছেন।


এদিকে, গত দুদিন ধরে নাটকটির পরিচালক শহীদুল ইসলামের এয়ারটেল নম্বরে ফোন করে তাঁর যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া গেছে। ‘আনলাকি লাভ’ নাটকের প্রযোজক রাসেল হোসেন মুন্না বলেছেন, ‘অভিনয়শিল্পীরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন।’

পরিচালক প্রসঙ্গে রাসেল বলেন, ‘সে যে এত বড় একজন প্রতারক তা আমি বুঝতে পারিনি। তাঁকে আমিও অনেক দিন ধরে খুঁজছি। বারবার মোবাইল নম্বর পরিবর্তন করার কারণে খুঁজে পেতে কষ্ট হচ্ছে।’

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৭ সালের প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহ্‌রিন। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন ফারিয়া। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজ বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে সবার কাছে বেশ পরিচিত হয়ে ওঠেন তিনি। টিভি নাটক আর বিজ্ঞাপনচিত্রের বাইরে ফারিয়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সামিয়া জামান পরিচালিত ছবিটির নাম ‘আকাশ কত দূরে’।