'বিলাসী', 'দীপাবলি' হতে চান উর্মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উর্মিলা কর
উর্মিলা কর

বেশ কয়েক বছর ধরে অভিনয় করছেন ছোটপর্দায়। এ কারণে টিভি নাটকের পরিচিত মুখ হিসেবে একটা জায়গা তৈরি করে নিয়েছেন উর্মিলা কর। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর স্নাতক শেষ করেছেন। এখন ব্যস্ত আছেন অভিনয় নিয়েই। প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় উর্মিলা জানিয়েছেন, শরৎচন্দ্রের ‘বিলাসী’ গল্পের ‘বিলাসী’ চরিত্রটি তাঁর প্রিয় চরিত্রগুলোর মধ্যে একটি। আর যদি কখনো সুযোগ পান সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাসের ‘দীপাবলি’ চরিত্রেও অভিনয় করতে চান তিনি।

‘সমরেশ মজুমদারের “সাতকাহন” উপন্যাসের “দীপাবলি” চরিত্রটা আমার দারুণ প্রিয়। শুধু এটাই নয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের “বিলাসী” গল্পের “বিলাসী” চরিত্রটিও আমার খুবই প্রিয়। কখনো সুযোগ হলে এই দুই চরিত্রে অভিনয় করতে চাই।’ পছন্দের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে এই দুই চরিত্রের কথাই বললেন অভিনেত্রী উমির্লা কর।

উর্মিলা এ-ও বলেন, ‘আমার কাছে এই চরিত্র দুটি খুবই প্রিয়। আমার মনে হয়, এই চরিত্র দুটি সবারই অনেক প্রিয়। বিশেষ করে “দীপাবলি” আমার মতো অভিনেত্রীদের কাছে স্বপ্নের চরিত্র। বিলাসীও খুব পছন্দের। আমার অনেক ইচ্ছে এই দুই চরিত্রে অভিনয় করার।’ তিনি বলেন, ‘তবে সে জন্য আমার অভিজ্ঞতা দরকার। যদি সেটা রপ্ত করতে পারি এবং সুযোগ আসে তাহলে আমি এই দুই চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই।’

‘একটা সময় ছিল যখন ছবি মুক্তি পেলে একটা সাড়া পড়ে যেত। সবাই হলে হলে ছবি দেখতে যেত। এখন তেমনটা হয় না। এ জন্য একটু খারাপই লাগে।’ যোগ করেন উর্মিলা।


এ দেশের চলচ্চিত্র নিয়েও কথা বলেন দেশের ছোটপর্দার ব্যস্ত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘চলচ্চিত্র অনেক বড় একটা মাধ্যম। তবে বর্তমান সময়ে যেসব চলচ্চিত্র তৈরি হচ্ছে সেসব চলচ্চিত্রের জন্য হয়তো আমি যোগ্য নই কিংবা প্রস্তুত নই।’ তবে তিনি এ-ও বলেন, ‘অবশ্য পছন্দের চলচ্চিত্রের মতো কোনো চলচ্চিত্র হলে; যেমন “হঠাৎ বৃষ্টি”, “শ্রাবণ মেঘের দিন” এ ধরনের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলে অভিনয় করব।’