'বৃষ্টিদের বাড়ি'র শুটিং

বৃষ্টি বাড়িতে না থাকলেও তাদের বাড়ির নাম ‘বৃষ্টিদের বাড়ি’। বাবার সঙ্গে অভিমান করে এক আশ্বিনের দুপুরে সে যে কোথায় চলে গেছে, কেউ জানে না। তখন সে ১২ বছরের কিশোরী। প্রায় ১৫ বছর পর বৃষ্টি ফিরে আসে। সেখান থেকেই শুরু হয় বৃষ্টিদের বাড়ি নাটকের গল্পটি।
বৃষ্টিদের বাড়ি একটি একান্নবর্তী পরিবারের আনন্দ–বেদনার গল্প। রাজধানীর উত্তরায় এর শুটিং শুরু হয় ১ নভেম্বর। অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীদের বেশির ভাগই পুরোনো দিনের, যখন চ্যানেল বলতেই ছিল শুধু বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তখনকার দিনের মতো শুটিংয়ের সেটেই চলে মহড়া। শুটিং সেটে আসার সময় শর্মিলী আহমেদ নিয়ে এসেছিলেন মাষকলাইয়ের ডালের রুটি, পেঁয়াজের সালাদ ও সরষে ভর্তা। বিটিভিতে যখন কাজ করতেন, তখন কেউ না কেউ বাসা থেকে নিজেদের রান্না করা খাবার আনতেন। সবাই মিলে সেসব খাওয়া হতো। মামুনুর রশীদ, প্রয়াত আবদুল্লাহ আল–মামুনরা সেসব খাবারের ভীষণ প্রশংসা করতেন। এমনটা এখন খুব একটা দেখা যায় না। সেই সব দিনের স্মৃতিচারণা করছিলেন অভিনেতা আবুল হায়াত। তিনি নাটকে বৃষ্টির দাদা। শুটিংয়ের ফাঁকে সাজঘরে বড়দের সামনে তরুণদের ফেসবুক খোলার উপায় ছিল না। বড়রা থেকে থেকে স্মৃতিচারণা করছিলেন, সবার খোঁজখবর নিচ্ছিলেন। কখনো বা জিজ্ঞেস করছিলেন, শেষ পড়েছ কোন বইটি?
নাট্যকার মাসুম শাহরীয়ার বলেছেন, ‘এই গল্পটি বাংলাদেশের মানুষের গল্প। আমাদের পরিবারের আনন্দ–আবেগই এর শক্তি।’ নাটকটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। বৃষ্টি চরিত্রে অভিনয় করছেন নাদিয়া ও মৌসুমি হামিদ।