'বয়স বাড়ান সাজু খাদেম!

সাধারণত মেকআপ আর পোশাকপরিচ্ছদে বয়স কমিয়ে অভিনয়ের সময় চরিত্রের সঙ্গে নিজেদের মিলিয়ে নেন অভিনয়শিল্পীরা। ‘বয়স্ক’ কোনো চরিত্রে অভিনয় করার বিষয়টা হয়তো কালেভদ্রে আসে। কিন্তু সাজু খাদেমের বাস্তবতা কিছুটা ভিন্নই বলতে হবে। অভিনেতা সাজু খাদেমকে মাঝেমধ্যে বয়স বাড়িয়েই চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। চরিত্রের প্রয়োজনে মেকআপ, পোশাকপরিচ্ছদ আর নানা উপকরণের সহায়তায় বয়স বাড়ান সাজু খাদেম!
নাটকে নানা ধরনের চরিত্রেই সাজু খাদেমকে দেখা যায়। বয়স বাড়িয়ে অভিনয়ের কাজটা বেশ কঠিন; অথচ এই কঠিন কাজটিই তিনি করছেন অনেক দিন ধরে। বিভিন্ন ধারাবাহিক ও একক নাটকে একটু ‘বয়স্ক’ হয়েই পর্দায় হাজির হন তিনি। এই যেমন, বর্তমানে এসএ টিভিতে প্রচারিত হচ্ছে ‘ঘোড়ার চাল আড়াই ঘর’ নামের একটি ধারাবাহিক।
বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনার এই ধারাবাহিকে সাজু খাদেম অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফার স্বামীর চরিত্রে। সুবর্ণার সঙ্গে বয়সের সামঞ্জস্য আনতে মাথার চুলে পাক ধরাতে হয়েছে তাঁকে। মেকআপ দিয়েও আনতে হয়েছে বেশ কিছু পরিবর্তন। সব মিলিয়ে পুরোদস্তুর একজন ‘বয়স্ক’ স্বামীর চরিত্রে অভিনয় করছেন সাজু খাদেম।
বয়স্ক চরিত্রে অভিনয় প্রসঙ্গে সাজু খাদেম বললেন, ‘চার পাঁচ বছর আগে থেকেই মাঝেমধ্যে একটু বয়স বাড়িয়ে অভিনয় করছি। এর মধ্যে অবশ্য সুবর্ণা আপার সঙ্গে জুটি হয়েই বেশি অভিনয় করা হয়েছে। দর্শক এবং নির্মাতারা আমাদের পছন্দ করেন। অনেক সময় আমাদের নিয়েই গল্পটা ভাবেন।’
সাজু খাদেম জানান, প্রায় চার পাঁচ বছর আগে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন ‘লেখিকা ও কানা বিজ্ঞানী’ নামে একটি নাটকে। যেখানে লেখিকার চরিত্রে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তফা আর কানা বিজ্ঞানীর চরিত্রে সাজু খাদেম। এরপর থেকেই মূলত নির্মাতাদের দৃষ্টি কাড়েন এই জুটি। এরপরও বেশ কিছু ধারাবাহিকে দেখা গেছে তাঁদের। কদিন আগে চ্যানেল আইতে প্রচারিত হয়েছে ‘মায়ার পর মায়া’। এখানেও সুবর্ণা ও সাজু জুটি।
বয়স বাড়িয়ে অভিনয় করতে কেমন লাগে জানতে চাইলে সাজু বলেন, ‘একটু কঠিন তবে এখন অভ্যস্ত হয়ে গেছি। আর সুবর্ণা আপার সঙ্গে কাজ করাটাও আনন্দের। মানুষও পছন্দ করছে। ভালো লাগছে।’
সাজু খাদেম বর্তমানে অভিনয় করছেন বেশ কয়েকটি ধারাবাহিকে। এর মধ্যে আছে আছে ‘সহযাত্রী’, ‘ইয়েস স্যার নো ম্যাডাম’ ও ‘কলিংবেল’। এ ছাড়া, তাঁর উপস্থাপনায় কৌতুক বিষয়ক রিয়েলিটি শো ‘হাসো’ প্রচারিত হচ্ছে এনটিভিতে।