'মফস্বল সাংবাদিক' ফারুক আহমেদ

মাথার মাঝ বরাবর সিঁথি; পরনে চেক শার্ট, হাতে ডায়েরি আর ক্যামেরা। চশমা কখনো চোখে কখনোবা শার্টের পকেটে। মুখে কখনো উঠে আসে মাস্ক। এই বেশেই সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেতা ফারুক আহমেদ। প্রায়ই বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে দেখা যায় এ তাঁকে, এবারও তাই। এবারে ফারুক হলেন মফস্বলের সাংবাদিক। যার কারণে এলাকার চেয়ারম্যান খানিকটা বিরক্ত।
মফস্বল সাংবাদিক চরিত্রে অভিনয়ের খবর জানানোর পাশাপাশি মাস্ক পরে থাকার রহস্যটাও পরিষ্কার করে জানিয়েছেন তিনি। ফারুক আহমেদ জানিয়েছেন, শহরের মতো গ্রামেও ‘পলিউশন’ ঢুকে গেছে।
‘মেঘের পরে মেঘ জমেছে’ নামের একটি ধারাবাহিক নাটকে এমনই একটি চরিত্রে দেখা যাবে ফারুক আহমেদকে। নতুন এই ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। রাজধানীর অদূরে পুবাইলে বেশ কয়েক দিন ধরে চলছে এর শুটিং।
মফস্বল সাংবাদিক চরিত্রে অভিনয় প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘আমার জন্য এটা দারুণ এক অভিজ্ঞতা। নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও সাংবাদিক চরিত্রে খুব কম কাজ করা হয়েছে। এর আগে ‘টিন অ্যাট এইটিন’ টেলিছবিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছিলাম। সে সময় এর কারণে বেশ সাড়া পড়েছিল। এবার মফস্বল সাংবাদিক চরিত্রে অভিনয় করেছি। একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে।’
নতুন এই ধারাবাহিকটি ছাড়া আরও বেশ কয়েকটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেছেন ফারুক আহমেদ। এ ছাড়াও তিনি কাজ করছেন একই পরিচালকের ‘তীরন্দাজ’ নামের একটি ধারাবাহিকে। সেখানে একজন চিত্র পরিচালকের সহকারী হিসেবে অভিনয় করেছেন তিনি।
‘মেঘের পরে মেঘ জমেছে’ ধারাবাহিক নাটকটি প্রসঙ্গে পরিচালক অঞ্জন আইচ জানিয়েছেন, নামের মতোই এটা মানুষের জীবনের মেঘ জমে যাওয়ার গল্প। দর্শকেরা অন্যরকম স্বাদ পাবেন।
ফারুক আহমেদ ছাড়াও এ ধারাবাহিকে অভিনয় করেছেন, তারিক আনাম খান, আজমেরী হক বাঁধন, নাদিয়া, মিশু সাব্বির, সালাম ও প্রমুখ।
‘মেঘের পরে মেঘ জমেছে’ ধারাবাহিক নাটকটির পরিচালক আরও জানিয়েছেন, খুব শিগগিরই এ ধারাবাহিকটি প্রচারিত হবে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে।