'মুখ ফুটে বলতে পারি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বড় ছেলে’ নাটক সম্পাদনা করেন তৌফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
‘বড় ছেলে’ নাটক সম্পাদনা করেন তৌফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গত মাস থেকে বিনোদনের সব কাজ স্থগিত। লাইট, ক্যামেরা, অ্যাকশনের সঙ্গে থেমে গেছে চিত্র সম্পাদনার কাজও। শুটিং শেষ হলেই তারকাদের ভিডিও ফুটেজ নিয়ে নির্মাতারা ছুটতেন সম্পাদকের কাছে। প্রচারের উপযোগী করতে কাটছাঁটের কাজে ব্যস্ত হয়ে যেতেন চিত্র সম্পাদকেরা। কিন্তু সেই সম্পাদনাকক্ষে এখন আলো জ্বলে না। নেই কোনো কাজ। পাশাপাশি থাকছে জীবন ধারণের অনিশ্চয়তা। কারণ, এই সম্পাদকেরা বেশির ভাগই ফ্রিল্যান্সে কাজ করে থাকেন।

এ বছর ভালোবাসা দিবসে প্রচারিত হয়েছে আফরান নিশো ও মেহ্‌জাবীন অভিনীত ‘গজদন্তিনী’, নিশো ও তানজিন তিশা অভিনীত ‘সেই তো এলে তুমি’ এবং অপূর্ব ও মেহ্‌জাবীন অভিনীত ‘চারুর বিয়ে’ নাটকগুলো। এসব নাটকের সম্পাদনা করেন রাশেদ রাব্বী। তিনি বলেন, ‘কাজ নেই। বাসাভাড়া, অফিসের কর্মীদের স্যালারি—সবকিছু নিয়ে সংকটে পড়ে গেছি। এই টিভি নাটকের নিয়মিত সম্পাদকদের কয়েকজনের কথা যদি বলেন, তাহলে আমি নিজেও তাঁদের মধ্যে একজন। এখন আমারই এই অবস্থা। তাহলে অন্যদের অবস্থা কী? শুনেছি, অনেকের অবস্থা খুবই খারাপ। কারণ, আমরা কাজ করে কোনো বাড়তি সঞ্চয় করতে পারি না। আয়ের সব পথ বন্ধ। আমরা নিম্ন–মধ্যবিত্ত। আমাদের আত্মসম্মানবোধটা একটু বেশি, চক্ষুলজ্জায় কোনো কিছু মুখ ফুটে বলতে পারি না। নিম্ন–মধ্যবিত্তদের কথা কেউ ভাবে না। আমরা পাওনা টাকা চাইতে গেলেও গলা আটকে যায়। না চাইলে দিতে চায় না। সবকিছু মিলে এখন খুব বেশি ভালো নেই।’

‘উড়োজাহাজ’ নাটক সম্পাদনা করেন সাজেদুর রহমান। ছবি: সংগৃহীত
‘উড়োজাহাজ’ নাটক সম্পাদনা করেন সাজেদুর রহমান। ছবি: সংগৃহীত

রাশেদ রাব্বীর সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বে তিনি নিজের আয় দিয়ে যেমন নিজে চলতেন, তেমনি পরিবারকে সহায়তা করতে পারতেন। এখন বাবার কাছ থেকে টাকা নিয়ে চলছেন। তিনি আরও বলেন, ‘একজন নির্মাতার বিভিন্ন কারণে শুটিংয়ে ক্ষতি হলে সেটা আমাদের পারিশ্রমিক কম দিয়ে পুষিয়ে নিতে চান। অনেকেই আবার কাজের টাকা ঠিকমতো দেন না। আমাদের নিম্ন–মধ্যবিত্তদের সমস্যাগুলো কেউ বুঝতে চায় না।’

‘গজদন্তিনী’ নাটকটি সম্পাদনা করেন রাশেদ বাপ্পী। ছবি: সংগৃহীত
‘গজদন্তিনী’ নাটকটি সম্পাদনা করেন রাশেদ বাপ্পী। ছবি: সংগৃহীত

অপূর্ব-মেহ্‌জাবীন অভিনীত ‘বড় ছেলে’ নাটকের সম্পাদক তৌফিকুল ইসলাম। তাঁর ঝুলিতে আছে আরও বেশ কিছু জনপ্রিয় কাজ। প্রায় এক দশক ধরে সম্পাদনা নিয়েই তাঁর ব্যস্ততা। বর্তমানে শুটিং না থাকায় নেই হাতে কোনো কাজ। তিনি বলেন, ‘একজন ফ্রিল্যান্স সম্পাদক হিসেবে খুব বেশি ভালো নেই। কাজ তো সব বন্ধ। ঈদের বেশ কিছু পরিকল্পনা ছিল, সেগুলো হচ্ছে না। হবে কি না, তা–ও বলতে পারছি না। সেই জায়গা থেকে বেশির ভাগ সম্পাদক একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। কারণ, আমাদের নির্দিষ্ট কোনো আয় নেই। তারপর এখন আমাদের কাজ বেশির হওয়ার সময়। অথচ এই সময়টা খারাপ যাচ্ছে সবারই। দুশ্চিন্তা দিন দিন বাড়ছে।’

বিজ্ঞাপনের সম্পাদনা করতেন সাজেদুর রহমান। হাতে কোনো বিজ্ঞাপন সম্পাদনার কাজ না থাকায় পাড়ি জমান নিজের শহর চট্টগ্রামের পটিয়ায়। তিনি বলেন, ‘শুটিং না থাকলে কোনো কাজ থাকে না। বেকার বসে থাকতে হয়। এই থমকে যাওয়া দুঃসময়ে অনিশ্চয়তা শুরু হয়ে যায়। আমাদের মতো আয়ের মানুষদের কাজ না থাকলে পরিবার–পরিজন নিয়ে চলাটাও মুশকিল হয়ে যায়। সেটা আমরা কাউকে বলতেও পারি না।’

‘শেষ চিরকুট’ নাটকটি সম্পাদনা করেন অমিতাভ মজুমদার। ছবি: সংগৃহীত
‘শেষ চিরকুট’ নাটকটি সম্পাদনা করেন অমিতাভ মজুমদার। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন শুটিংয়ের ফুটেজ কাটাকাটির কাজ থেমে গেলেও এই দুঃসময়ে তিনি কিছু মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি ঘটনা আমার মনে দাগ কেটেছে। আমাদের এলাকার পাশেই এক দিন দেখি একজন মানুষ ক্ষুধার জ্বালায় বলছেন, “ভাই ভাত লাগবে না, বিষ আইনা দেন।” এই কথা শুনে আমার ভেতরে নাড়া দেয়। তারপরই আমি অনেকের কাছ থেকে কিছু কিছু সহায়তা নিয়ে চেষ্টা করছি কর্মহীন শ্রমিক, পথশিশু, গৃহহীন ব্যক্তিদের মুখে খাবার তুলে দেওয়ার। প্রতিদিন যে পরিমাণ টাকা সহায়তা পাই, সেই টাকা দিয়ে বাজার করে রান্না করে এসব মানুষকে খাওয়ানোর চেষ্টা করি।’

‘আশ্রয়’ নাটকটি সম্পাদনা করেন সাদ্দাম বিন ইয়াসিন। ছবি: সংগৃহীত
‘আশ্রয়’ নাটকটি সম্পাদনা করেন সাদ্দাম বিন ইয়াসিন। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সম্পাদনাকেই বেছে নিয়েছেন অমিতাভ মজুমদার। পয়লা বৈশাখ ও ঈদের কাজে টানা ব্যস্ত থাকতে হয় তাঁকে। কিন্তু এখন বেকার বসে আছেন। কাজ করেই চালাতে হয় পরিবার। করোনা শুরু হওয়ার পর থেকে কাজ বন্ধ হয়ে গেছে। দুশ্চিন্তার মধ্যে আছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তো কোনো চাকরি করি না। অনেকটা চ্যালেঞ্জ নিয়েই এই পেশায় আসতে হয়েছে। তারপরও চেষ্টা করেছি, সম্পাদনার কাজ করে জীবিকা নির্বাহ করার। সেই কাজ এখন সম্পূর্ণ বন্ধ। তাই আয়ও বন্ধ হয়ে গেছে। আমার আয়ের দ্বিতীয় কোনো পথ নেই। সবকিছু মিলিয়ে পারিবারিক ও ব্যক্তিগতভাবে সমস্যা ফেস করতেই হচ্ছে।’

সম্পাদক সাদ্দাম বিন ইয়াসিন বলেন, ‘আমাদের মেইন টার্গেট থাকে এই সময়। বেশির ভাগ কাজ মাত্রই প্যানেলে প্রবেশ করা শুরু হয়েছিল। সেগুলো আটকে গেছে। সব শুটিং এখন বন্ধ। সব মিলিয়ে একটু সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এমনিতেই আমাদের নির্দিষ্ট কোনো আয় নেই। এই করোনার সময়ে সংকটে পড়ে গেছি। সবকিছু মিলিয়ে কাভার দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে।’ তিনি তাহসান ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘আঙ্গুলে আঙ্গুল’; মোশাররফ করিম, তাহসান, তিশা ও মম অভিনীত ‘আশ্রয়’সহ অনেক নাটক সম্পাদনা করেছেন।