'রাতারগুল' থেকে 'কালাগুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালাগুল টেলিছবির দৃশ্যে সাচ্চু ও তিশা
কালাগুল টেলিছবির দৃশ্যে সাচ্চু ও তিশা

গত ঈদুল আজহায় নির্মাতা সুমন আনোয়ার নির্মাণ করেছিলেন টেলিছবি রাতারগুল। এবার তারই ধারাবাহিকতায় নতুন টেলিছবি কালাগুল তৈরি হচ্ছে। সিলেটের চা-বাগান কালাগুলেই শুটিং হচ্ছে এই টেলিছবির। শুরু হয়েছে ২৬ মার্চ। চলবে ৩ এপ্রিল পর্যন্ত।
নতুন টেলিছবি প্রসঙ্গে নির্মাতা সুমন আনোয়ার বলেন, ‘শহরের একটা মেয়ে হুট করে কালাগুল এলাকায় এসে পড়ে। নানা ধরনের মানুষের সঙ্গে তার দেখা হয়। ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। তার যাত্রাপথের সংগ্রাম ও বেঁচে থাকার লড়াই উঠে আসবে কালাগুল-এ। যার মূল চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।’
নির্মাতা বলেন, ‘টেলিছবির গল্পের প্রয়োজনেই কালাগুল জায়গাটা বেছে নেওয়া হয়েছে। নামকরণের সার্থকতা দর্শক টেলিছবিটি দেখলেই বুঝবেন।’
কালাগুল টেলিছবি রচনা করেছেন সুমন আনোয়ার। যৌথভাবে এর পরিচালনা করছেন আয়েশা মনিকা ও সুমন আনোয়ার। তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন শহীদুল ইসলাম সাচ্চু, ইন্তেখাব দিনার, লামিয়া মিমো, আমানুল হক, শিপলু ও লিমন। ক্যামেরায় কাজ করছেন কামরুল হাসান খসরু।
নির্মাতা জানান, আগামী ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে কালাগুল।