'লাইফ ইন আ মেট্রো'তে তিনজন

লাইফ ইন আ মেট্রো ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। এরই মধ্যে ৩০টি পর্ব দেখে ফেলেছে দর্শক। বেশ কজন র্যাম্প মডেল এ নাটকে অভিনয় করার কারণে শুরু থেকেই আলোচনায় ছিল নাটকটি। নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ।
পরিচালক জানিয়েছেন, ধারাবাহিকটির এ পর্যায়ে এসে নতুন করে যোগ দিচ্ছেন ছোট পর্দার আরও তিনজন অভিনেতা। তাঁরা হলেন আনিসুর রহমান মিলন, নওশীন ও মৌসুমী হামিদ।
ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে নওশীন বলেন, ‘একেবারেই অন্য রকম চরিত্র। আসলে এ রকম চরিত্রে অভিনয় করতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।’
মৌসুমী হামিদের চরিত্রটির শুটিং এখনো শুরু হয়নি। তবে তিনি নাটকটিতে কাজ করবেন বলে নিশ্চিত করেছেন। বলেন, ‘লাইফ ইন আ মেট্রো নাটকটির গল্প আমার ভালো লেগেছে। ধারাবাহিকটির মধ্যে নতুনত্ব আছে।’
পরিচালক জানান, মিলন, নওশীন ও মৌসুমী হামিদের পর আরও কয়েকজন অভিনয়শিল্পী নাটকটিতে ঢুকবেন। এরই মধ্যে তারিক আনাম খান ও ইমনের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, অপূর্ব, নিরব, আসিফ, তানভীর, ইমি, রুমা, হিরা, নাজিরা মৌ, নেহা প্রমুখ।