'লাইফ ইন এ মেট্রো'র সেঞ্চুরি আজ

‘লাইফ ইন এ মেট্রো’ আধুনিক ঢাকার বেশ কিছু তরুণের গল্প। যারা কখনো মেধাবী, কর্মদক্ষ, সৃজনশীল, প্রেমিক আবার কখনো বা উচ্ছৃঙ্খল, বেকার ও মাদকাসক্ত। বিশ্ববিদ্যালয়পড়ুয়া স্মার্ট তরুণ জারিফ, শার্লিন, আরিশা, এ্যানা, শামা, নীল, সৌমিক, প্রীত, রাইসা, লাবণ্য, তুর্য ও সারাহ ভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পার্থক্যে বেড়ে উঠলেও সবার মধ্যে মিলটা হলো বন্ধুত্বের। এই তরুণদের পরস্পরের প্রতি পরস্পরের সম্পর্ক, ভালোবাসা, বিরহ, দ্বন্দ্ব, বিশ্বাস-অবিশ্বাস ও সর্বোপরি বন্ধুত্বটা এসেছে ‘লাইফ ইন এ মেট্রো’ ধারাবাহিকে।
নাটকটি শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। আজ রোববার এটিএন বাংলায় প্রচার হবে ধারাবাহিকটির শততম পর্ব। শফিকুর রহমানের লেখা ধারাবাহিকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, মারজুক রাসেল, নীরব, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ। আজ রাত ৯টা ২০ মিনিটে দেখানো হবে নাটকটি।

এ ধারাবাহিকে দেখা যায় তরুণদের মধ্যে জারিফ মধ্যবিত্ত পরিবারের সন্তান। অন্যদিকে শার্লিন ধনী পরিবারের মেয়ে। উশৃঙ্খল জীবনযাপনে সে অভ্যস্ত। শার্লিন সবকিছু টাকা দিয়ে মূল্যায়ন করে। আরিশার বাবা ব্যাংকার আর মা চিকিৎসক। উচ্চবিত্ত হলেও আরিশা কখনো জৌলুশপূর্ণ জীবন যাপন করে না। তার ভাষায় ‘জীবনটা সিম্পলি দ্য বেস্ট’। এ্যানা গানপাগল, নিজের একটা ব্যান্ড রয়েছে, যদিও তাদের গানের শ্রোতা ব্যান্ড সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ। শামার বাবা আকবর আলী পেশায় ব্যবসায়ী আর মা শ্রীজয়া কলেজে বাংলা পড়ান। দুজন দুই ধর্মের হলেও শামা কখনোই তা বুঝতে পারেনি মা-বাবার জীবনাচারণে। শামা ছবি আঁকে। জীবন নিয়ে তার দর্শন হলো, রঙিন নয় সাদাকালোর মাঝেই জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়।

নাটকের আরেক চরিত্র নীলকে সবাই সমীহ করে। নষ্ট ছাত্ররাজনীতির শিকার নীল। তার একটি দল রয়েছে, যারা অর্থের বিনিময়ে সব সমস্যার সমাধান করে দেয়। জমি দখল থেকে শুরু করে টেন্ডারবাজিতেও নীলের নাম পুলিশের খাতায় লাল কলমে লেখা রয়েছে। সৌমিকের নেশা ফটোগ্রাফি নিয়ে। ঘুরে–ফিরে ছবি নিয়েই তার বিস্তর আলাপ। প্রীত সবার চেয়ে একটু আলাদা। খবরের কাগজে কাজ করার পাশাপাশি গল্প-কবিতাও লেখে। প্রীতকে নিয়ে আড়ালে সবাই হাসলেও সামনাসামনি বাহবাই দেয়। অন্যদিকে আরিশা, রাইসা, সারাহ ও লাবণ্য একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকে। তাদের মা–বাবা মফস্বলের বাসিন্দা। এসব নিয়ে জমেছে নাটকটি।