'শমীর হাত দিয়ে রক্ত ঝরছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালের মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপক জাহিদ হাসান, সঙ্গে জাদুশিল্পী জুয়েল আইচ l ফাইল ছবি
২০১০ সালের মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপক জাহিদ হাসান, সঙ্গে জাদুশিল্পী জুয়েল আইচ l ফাইল ছবি

‘যেকোনো পুরস্কারই একটা স্বীকৃতি।’ পুরস্কার নিয়ে এভাবেই কথা শুরু করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এ পর্যন্ত মেরিল-প্রথম আলো পুরস্কারে আটবার পদক জিতেছেন এই তারকা। এর মধ্যে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা পাঁচবার পুরস্কার জিতেছেন। তারপর বিরতি দিয়ে তিনবার। পুরস্কারপ্রাপ্তি নিয়ে গতকাল মঙ্গলবার কথা বললেন এই অভিনেতা। ‘আমার পুরস্কারগুলো পাঠকের ভোটে পাওয়া। এ কারণে আমার ভক্তদের সব সময় শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তাঁদের প্রতি আমার সব সময় সম্মান আছে। আর প্রথম আলোর মতো এত বিশ্বস্ত একটা পত্রিকার কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়া একটা সম্মানজনক ব্যাপার।’
শুধু পুরস্কারপ্রাপ্তিই নয়, ২০১০ সালের মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব পেয়েছিলেন এই অভিনেতা। মহড়া করেছেন টানা কয়েক দিন। কিন্তু অনুষ্ঠানের দুই দিন আগে তাঁর বড় বোন মারা যান। সবকিছু ছেড়ে ছুটে যান নিজ গ্রাম সিরাজগঞ্জে। বিপাকে পড়েন আয়োজকেরা। শেষ মুহূর্তে উপস্থাপক বদলানো বিশাল ঝুঁকির কাজ। কিন্তু নিজের দায়িত্ব সম্পর্কে বরাবরই সচেতন জাহিদ। তাই তো মানসিকভাবে এক কঠিন ঝড় ঠেলে পেশাগত দায়িত্ববোধ থেকেই এই অভিনেতা ঠিক সময় উঠে যান মঞ্চে। নিজেকে দারুণভাবে সামলে নিয়ে শেষ করেন সেই বছরের মেরিল-প্রথম আলো পুরস্কার প্রতিযোগিতার উপস্থাপনার কাজটি। সেই স্মৃতি মনে করে জাহিদ হাসান বললেন, ‘আমার জন্য ব্যাপারটি কষ্টের হলেও নিজের দায়িত্বটুকু পালন করেছি।’
মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে একবার নেচেছিলেন জাহিদ হাসান ও শমী কায়সার। সেই স্মৃতিও উজ্জ্বল জাহিদ হাসানের মনে। বললেন, ‘‘‘আছেন আমার মোক্তার’’ গানটির সঙ্গে আমরা দুজন নেচেছিলাম। নাচ শেষ করে মঞ্চের পেছনে গিয়ে দেখি, শমীর হাত দিয়ে রক্ত ঝরছে। কাচের চুড়ি ভেঙে হাতে লেগে যাওয়ায় এ ঘটনা ঘটে।’