'শিডিউল' ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পীর বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ এনে গতকাল রোববার এক সংবাদ সম্মেলন করলেন নির্মাতা তপু খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নির্মাতা অভিনয়শিল্পী শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ করেন। তপু জানান, প্রায় এক মাস আগে কট বিহাইন্ড নামে একটি নাটকের জন্য শখের কাছ থেকে ১১ ও ১২ জুন অগ্রিম শিডিউল নিয়েছিলেন তিনি। শুটিংয়ের প্রায় ১০ দিন আগে স্ক্রিপ্টও পাঠিয়েছিলেন শিল্পীর কাছে। কিন্তু শুটিংয়ের আগের দিন রাতে শখ জানান, তিনি এক দিন শুটিং করতে পারবেন। কট বিহাইন্ড নাটকে শখের সহশিল্পী ছিলেন অভিনেতা রিয়াজ। এ ব্যাপারে আরও জানতে শখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন এবং খুদে বার্তার কোনো জবাব দেননি। শখের স্বামী মডেল ও অভিনয়শিল্পী নিলয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।