'সবার আগে নিজের নাটকগুলো দেখব'

ঈদের দিন তো নয়ই, পরের দু-তিন দিনও কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা নেই অভিনয়শিল্পী ভাবনার। টানা কয়েক দিন বাসাতেই থাকবেন তিনি। এটার অবশ্য বেশ কয়েকটা কারণ আছে। বললেন, ‘ঈদের সময় অনেক আত্নীয়স্বজন আসবেন বাসায়, যাঁদের বাসায় সচরাচর যাওয়া হয় না। বাসার আসার পর তাঁদের আপ্যায়ন করব। ছোট ছোট কাজিন আসবে। তাদের সালামি দেব। এত দিন যা আয় করেছি, তার ব্যয় করতে হবে না!’
অতিথি আপ্যায়ন বা সালামি দেওয়ার মধ্যেই ভাবনার ঈদ সীমাবদ্ধ নয়; এই ফাঁকে নিজের অভিনীত নাটকগুলোও দেখবেন। এবারের ঈদে বেশ কয়েকদি ঈদ ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। সেসব কোনোভাবেই মিস করতে চান না তিনি। বললেন, ‘সবার আগে নিজের নাটকগুলো দেখব। তারপর অন্যকিছু। কারণ, নিজের অভিনয় না দেখলে তো বুঝতে পারব না আমার কোথায় কোথায় সমস্যা আছে। এতে নিজের ভুলগুলো সহজেই চোখে পড়বে।পরবর্তী সময়ে যাতে সেই ভুলগুলো না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া যাবে।’
১০ জুলাইয়ের পরে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। মা আর ছোট বোনকে নিয়ে সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে তাঁর। কয়েক দিন সেখানে কাটিয়ে এসে আবার শুটিং এ অংশ নেবেন তিনি।
জানালেন, এবারে ঈদে অভিনয় করেছেন মাসুদ সেজানের ছয় পর্বের ঈদ ধারাবাহিক ‘ওয়াও ফ্যান্টাসি, অনিমেষ আইচের ‘অশ্বডিম্ব, আজাদ কালামের ‘ক্যাকটাস’সহ বেশ কিছু নাটকে।