'হাসির নাটক ভাঁড়ামিকেও ছাড়িয়ে গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী

টেলিভিশনে প্রচারিত হাসির নাটকগুলো যেন ভাঁড়ামিকেও ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক টিভি নাটক প্রসঙ্গে এমন কথাই বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘এসব নাটক দেখতে দেখতে দর্শক তো বিরক্তই, আমি নিজেও চরম বিরক্ত।’

এ প্রসঙ্গে চঞ্চল এও বলেন, ‘ইদানীং লক্ষ করেছি, হাসির নাটক বানানোর প্রতিই সবাই বেশি আগ্রহী হয়েছেন। আর নাটকে ‘‘হাস্যরস’’ আনতে গিয়ে সবাই যেন অসুস্থ এক প্রতিযোগিতায় নেমেছেন। তা সেটা সংলাপের ক্ষেত্রেই হোক কিংবা শারীরিক অঙ্গভঙ্গি—সব ক্ষেত্রেই নির্মাতা ও অভিনয়শিল্পীরা অকারণে হাস্যরস করার চেষ্টা করছেন। সবকিছুরই তো একটা সীমা থাকা উচিত।’

চঞ্চল চৌধুরী বলেন, ‘প্রথম কথা হচ্ছে, ‘হাস্যরস’ আনতে হলেই কি কাতুকুতু দিয়ে দর্শক হাসাতে হবে! দর্শককে বিনোদন দিতে হেন কোনো সস্তা উপায় নেই, যা আমরা করছি না। রসবোধের বিষয়টা স্থূল একটা জায়গায় চলে গেছে। এটা আসলে হাসি না, একে ভাঁড়ামিই বলতে হয়। ইদানীং যেগুলো হাসির নাটক বলে চালানো হচ্ছে, সেগুলো ভাঁড়ামিকেও অতিক্রম করে গেছে। আমি চরমভাবে বিরক্ত।’

নতুনদের প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘নতুন যাঁরা অভিনয় করতে আসছেন, তাঁদের অভিনয়ের জায়গাটা মোটেও শক্ত না। আরেকটা বিষয়, এখন তো করপোরেট বিশ্ব সবকিছুই ডমিনেট করছে। শুনছি, এরাই নাকি বিজ্ঞাপন, কাস্টিং সবকিছু ঠিক করে দিচ্ছে।’ তিনি বলেন, ‘শত শত নাটকে যাঁরা অভিনয় করছেন, এসব নাটকে আসলে সত্যিকারের অভিনেতা-অভিনেত্রীর সংখ্যা কয়জন! আবার, দর্শক যাঁদের ভালোবাসেন তাঁরা একাই ৪০-৫০টা নাটক করছেন।’

চঞ্চল আরও বলেন, ‘মনে হচ্ছে, অভিনয় করাই বুঝি সবচেয়ে সহজ কাজ। ইচ্ছে করলে যে কেউই অভিনেতা-অভিনেত্রী হয়ে যেতে পারেন।’

এদিকে, সাম্প্রতিক ঈদে প্রচারিত নাটকের মান অনেক বেশি নেমে গেছেও বলে মন্তব্য করেছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘নাটকের মান আরও বেশি খারাপ হয়েছে বলেই মনে হয়েছে। বেশির ভাগ নাটকেরই না আছে ভালো গল্প, না আছে অর্থপূর্ণ সংলাপ।’