'হ্যামেলিনের বাঁশিওয়ালা' রাহুল

বাঁশি তাঁর অনেক আগে থেকেই প্রিয়। গানের দল ‘জলের গান’-এর পরিবেশনায় রাহুল আনন্দকে বাঁশি বাজাতেই দেখা যায় বেশি। তবে এবারে তিনি বাঁশি বাজাবেন অন্য কারণে! রাহুল হবেন ‘হ্যামেলিনের বাঁশিওয়ালা’। কিন্তু গল্পের সেই বাঁশিওয়ালার মতো শহর থেকে ইঁদুর কিংবা শিশুদের নিয়ে যাবেন না। তবে দূর করবেন অপরাধ। তার বাঁশির সুর শুনলেই থমকে যাবেন সব অপরাধীরা। এমনই এক গল্প নিয়ে নির্মিত হবে নাটকটি। এ নাটকের চিত্রনাট্যকার আহমেদ তাওকীর, নির্মাতা সাজ্জাদ সুমন। নাটকটির নামও যে হ্যামেলিনের বাঁশিওয়ালা।
৫ সেপ্টেম্বর থেকে নাটকটির শুটিং শুরু হবে। এ নাটক নিয়ে নির্মাতা সাজ্জাদ সুমন বেশ আশাবাদী। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘গল্পটা আমরা সবাই জানি। নাটকে আমরা একটু অন্য রকমভাবে তা দেখানোর চেষ্টা করব।’
নাটকে অভিনয় প্রসঙ্গে সংগীতশিল্পী রাহুল আনন্দ বলেছেন, ‘আমি অভিনয়ে একদমই অনিয়মিত। গল্প ভালো লাগলে তবেই কাজ করি। এ গল্পটি আমার কাছে বেশ ভালো লেগেছে।’
এদিকে, নাটকের পরিচালক জানিয়েছেন, এ নাটকে রাহুল আনন্দের সঙ্গে অভিনয় করবেন চিত্রনায়িকা নিপুণ। আসছে ঈদুল আজহায় প্রচার হবে হ্যামেলিনের বাঁশিওয়ালা।