লালগালিচায় তারার মেলা, শুরু হলো মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান

লালগালিচায় ঐশীছবি: সুমন ইউসুফ

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’। বছর ঘুরে তারকাবহুল জাঁকজমক এ আয়োজনের ২৭তম আসর বসেছে আজ শুক্রবার। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মূল আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। তার আগে বিকেল ৪টা ৫০ মিনিট থেকে লালগালিচায় হাজির হচ্ছেন বিনোদনজগতের আমন্ত্রিত তারকারা। সন্ধ্যা ছয়টায় নানা চমক নিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান।

প্রতিবারের মতো এবারের আয়োজনেও ‘তারকা জরিপ পুরস্কার’, ‘সমালোচক পুরস্কার’ ও ‘আজীবন সম্মাননা’ দেওয়া হবে। কারা এই পদক ও সম্মাননা পাবেন, তা নিয়ে প্রতিবছরই দর্শক, শিল্পী, কলাকুশলীদের কৌতূহল লক্ষ করা যায়। পুরস্কারপ্রাপ্ত তারকাদের নাম ঘোষণার মধ্য দিয়ে আজ সন্ধ্যায় সেই কৌতূহলের অবসান হবে।

এ আসর প্রতিবারের মতো ‘আজীবন সম্মাননা’ দিয়ে শুরু হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে নানা চমক। এতে অংশ নেবেন দেশের তারকারা। এ অনুষ্ঠানের ফাঁকে বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারগুলো তুলে দেবেন বিনোদন অঙ্গনের গুণী তারকারা।

আরও পড়ুন

বিনোদন অঙ্গনে বছরের সেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারের এ আয়োজন শুরু হয়েছিল ১৯৯৯ সালে। দীর্ঘ যাত্রায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে এ আয়োজনের পরিসর বেড়েছে। যুক্ত হয়েছে ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ, সিনেমাসহ নানা ধরনের কাজ, যা মেরিল-প্রথম আলো অনুষ্ঠানকে আরও বেশি গ্রহণযোগ্য করেছে। এ বছর ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ অনুষ্ঠানে তারকা জরিপ, সমালোচক ক্যাটাগরি, আজীবন ক্যাটাগরিসহ বিভিন্ন শাখায় পুরস্কার তুলে দেওয়া হবে।
কে কোন পারফম্যান্স করবেন, সব প্রশ্নের উত্তর মিলবে আজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

গত বৃহস্পতিবার রাতে মহড়ার ফাঁকে দুই সঞ্চালক আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। কবির হোসেন