অঁদ্রে মালরোকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঁদ্রে মালরোর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার মিলনায়তনে ‘রিমেম্বারিং অঁদ্রে মালরো’ অনুষ্ঠানে নাটকের মাধ্যমে তাঁর জীবন ও কর্ম ফুটিয়ে তোলা হয় l ছবি: প্রথম আলো
অঁদ্রে মালরোর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার মিলনায়তনে ‘রিমেম্বারিং অঁদ্রে মালরো’ অনুষ্ঠানে নাটকের মাধ্যমে তাঁর জীবন ও কর্ম ফুটিয়ে তোলা হয় l ছবি: প্রথম আলো

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢুকতেই দেখা গেল একের পর এক ছবি। পর্দায় ভেসে উঠছিল অঁদ্রে মালরোর বিভিন্ন সময়ের ছবি। মুক্তিযুদ্ধের সময় এই ফরাসি সাহিত্যিক, শিল্পতাত্ত্বিক, দার্শনিক বাংলাদেশের মুক্তিসংগ্রামের অংশী হতে চেয়েছিলেন। বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে তিনি প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে খোলা চিঠি দিয়ে প্রতিবাদ করেছিলেন।
গতকাল বুধবার ছিল মালরোর ৪০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়, ফ্রান্স দূতাবাস, শিল্পকলা একাডেমি ও ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজন করে অনুষ্ঠানটি। আগামী পরশু চট্টগ্রামের আলিয়ঁসে আবারও স্মরণ করা হবে মালরোকে।
বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জঁ-পিয়ের পোঁসে বলেন, অঁদ্রে মালরো একদিকে পৃথিবীর নিপীড়িত মানুষের দুর্দশার কথা বলেছেন, অন্যদিকে মুক্তির আশাও দেখিয়েছেন। বিপ্লবী এই মানুষটি স্পেন ও ফ্রান্সের বিপ্লবী মানুষের পক্ষে যুদ্ধ করেছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।
বঙ্গবন্ধুর আমন্ত্রণে ১৯৭৩ সালের এপ্রিল মাসে মালরো বাংলাদেশে আসেন। সে সফরে তাঁর ঘনিষ্ঠ সাহচর্য পেয়েছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মাহমুদ শাহ্ কোরেশী। অনুষ্ঠানে তাঁর একটি সাক্ষাৎকার দেখানো হয়।
স্পেনের গৃহযুদ্ধ নিয়ে লেখা মালরোর উপন্যাস লেসপোয়ার বাংলা অনুবাদ প্রকাশ করেছে চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ। অনুবাদটি করেছেন গুরুপদ চক্রবর্তী। অনুষ্ঠানে তিনি অনুবাদটির অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা বলেন। এরপর প্রদর্শিত হয় মালরোর রাজনৈতিক জীবনধর্মী নাটক আশা। নাটকটির নির্দেশক অসীম দাস।
সবশেষে হয় জনসংস্কৃতি নীতি ও বেসরকারি উদ্যোগ নিয়ে একটি গোলটেবিল আলোচনা। এতে অংশ নেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, সাহিত্যিক কায়সার হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী ও সামদানি আর্ট ফাউন্ডেশনের সহকারী তত্ত্বাবধায়ক রুক্সিনী চৌধুরী। এ পর্বটি সঞ্চালনা করেন কথাসাহিত্যিক আনিসুল হক। এ ছাড়া চিত্রশালা মিলনায়তনের লবিতে হয় দুটি প্রদর্শনী ‘ড্রয়িং ফ্রিলি’ ও ‘নভেম্বর ইন প্যারিস’।