মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী প্রপাগান্ডা ছড়ায়, ইহুদিদের সহযোগিতা নিয়ে অস্ত্র সংগ্রহের জন্য বাঙালিরা ইসরায়েলে গেছে। এই প্রোপাগান্ডার মোকাবিলা করাটা বেশ কঠিন ছিল বাঙালিদের কাছে। ঠিক সেই সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দেন ফরাসি সাহিত্যিক ও দার্শনিক অঁদ্রে মালরো। এই ঘোষণাটি প্রোপাগান্ডার মোকাবিলায় বিশেষ ভূমিকা পালন করে।
গতকাল ফরাসি ঔপন্যাসিক অঁদ্রে মালরোর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকার ফরাসি দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘মালরোকে মনে পড়ে’ নামের এ আয়োজনে থাকছে তিন দিনব্যাপী অনুষ্ঠান। আগামীকাল ২৩ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকাল সাড়ে ১০টায় মূল অনুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানে দেখানো হবে অঁদ্রে মালরোর বাংলাদেশ ভ্রমণ নিয়ে একটি তথ্যচিত্র। মালরোর লেস্পের বইয়ের অনুবাদক গুরুপদ চক্রবর্তীর আলাপচারিতা থাকবে এবং তাঁর করা ওই বইয়ের অনুবাদ আশার নাট্যরূপ মঞ্চস্থ হবে। ‘গণসংস্কৃতির মুখপাত্র মালরো’ বিষয়ে একটি গোলটেবিল বৈঠক হবে। শিল্পকলা একাডেমির লবিতে থাকবে দুটি প্রদর্শনী।
এ ছাড়া আজ আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় বিকেল পাঁচটায় আয়োজিত হবে একটি সাহিত্য ও চলচ্চিত্র সন্ধ্যা। ২৬ নভেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ দো চট্টগ্রামে তাঁকে নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান হবে।