‘সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজে যুক্ত হয়ে অথবা তার ভোক্তা হয়ে একজন হয়ে ওঠেন উন্নত জীবন ও সংস্কৃতির অধিকারী। আর এই নান্দনিক-সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করা এবং এর যথাযথ ব্যবস্থাপনার বিষয়টি নিয়ন্ত্রিত হয় কপিরাইট দ্বারা।’
শিল্পকলা একাডেমীতে আয়োজিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কপিরাইট অফিস আয়োজিত ‘রিলেটেড রাইটস: অংশীজনের যৌথ অধিকার’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে এ বক্তব্যে উপস্থাপন করা হয়। শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ সেমিনারে সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস। সঞ্চালক ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা৷ শুরুতে স্বাগত জানান কপিরাইট অফিসের রেজিস্ট্রার মনজুর মোর্শেদ চৌধুরী। মূল প্রবন্ধের ওপর বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আতিক রহমান, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান মালিহা মেহনাজ । মুক্ত আলোচনায় অংশ নেন সংগীতশিল্পী আবদুল জব্বার, সুজিত মুস্তফা, হামিন আহমেদ প্রমুখ। সেমিনারে আরও উপস্থিত ছিলেন এন্ড্রু কিশোর, তপন মাহমুদ, আশরাফ উদাস, ফকির আলমগীর প্রমুখ।
সেমিনারে বক্তারা নিজেদের মধ্যকার পুরোনো দ্বন্দ্ব ও অসহযোগিতা ভুলে ইতিবাচক মনোবৃত্তি নিয়ে আলোচনায় বসার প্রয়োজনীয়তার কথা বলেন।