অকাল প্রয়াত সন্তানকে নিয়ে শেখর সুমনের ‘হার্টলেস’
‘হার্টলেস’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রপরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলিউডের অভিনেতা ও টিভিব্যক্তিত্ব শেখর সুমন।হূদরোগের কারণে ছেলে আয়ুষকে হারিয়েছিলেন শেখর। অকাল প্রয়াত আয়ুষের প্রতি ভালোবাসা প্রকাশের জন্যই চলচ্চিত্র তৈরির কাজে হাত দিয়েছেন ৫২ বছর বয়সী এ তারকা। চলচ্চিত্রটিতে অভিনয় করবেন শেখরের ছোট ছেলে ও বলিউডের অভিনেতা অধ্যয়ন সুমন।আসছে নভেম্বরে দুবাইয়ে ‘হার্টলেস’ চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এটি মুক্তি পাবে আগামী বছর মা দিবসে। ইন্দো-এশিয়ান নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে শেখর জানিয়েছেন, ‘চলচ্চিত্রটিতে অভিনয় করবে অধ্যয়ন। শৈশবে সে তার অসুস্থ ভাইকে খুব কাছ থেকে দেখেছে। আমার বিশ্বাস, হার্টলেস চলচ্চিত্রে আয়ুষের জীবনকে ভালোভাবে তুলে ধরতে পারবে সে। এই ছবিতে অভিনয়-জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায়ও অবতীর্ণ হতে হবে অধ্যয়নকে।’১৯৮৩ সালে পৃথিবীর আলো দেখেছিল আয়ুষ। জন্মের সময় থেকেই তার হূিপণ্ডে ত্রুটি ছিল। কিন্তু সেটা ধরা পড়ে ১৯৯০ সালে। এরপর টানা চার বছর হূদরোগের সঙ্গে যুদ্ধ করে ১৯৯৪ সালের ২২ জুলাই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায় ছোট্ট আয়ুষ। এ প্রসঙ্গে শেখর বলেন, ‘এই একটি ঘটনা আমি কখনোই ভুলতে পারি না। আমাদের কাছে আয়ুষ বেঁচে আছে এবং চিরকালই বেঁচে থাকবে।’শেখর আরও বলেন, ‘আয়ুষকে সুস্থ করে তোলার জন্য আমার স্ত্রী অলকা এমন কিছু নেই যা করেনি। আমরা সবাই মিলে চেষ্টা করেও আয়ুষকে বাঁচাতে পারিনি। আজও মনে আক্ষেপ জাগে, তার জন্য আরেকটু বেশি কিছু যদি করতে পারতাম! কিন্তু নিয়তিকে পরিবর্তন করার সাধ্য মানুষের নেই। মূলত এই আক্ষেপ থেকে হার্টলেস চলচ্চিত্রটি বানাচ্ছি। এ ছাড়া আয়ুষ মেমোরিয়াল হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। সেখানে হূদরোগে আক্রান্ত শিশুরা চিকিত্সা নিতে পারবে।’‘হার্টলেস’ চলচ্চিত্র সম্পর্কে শেখর বলেন, ‘শ্বাসরুদ্ধকর মেডিকেল থ্রিলারধর্মী চলচ্চিত্রে মা ও ছেলের চিরন্তন ভালোবাসার চিত্র ফুটে উঠবে। এখানে মায়ের চরিত্রে অভিনয় করবেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী দীপ্তি নাভাল। বিশেষ একটি চরিত্রে আমাকেও দেখা যাবে। ছবিটির চিত্রনাট্য লেখার দায়িত্বে আছেন নিনা অরোরা। এর আগে “পেজ ৩” চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন তিনি। সবশেষে বলতে চাই, নিছক একটি চলচ্চিত্র তৈরি করছি না আমি, এটা আমার কাছে মমতা আর ভালোবাসার আবেগি যাত্রা।’